আজকাল ওয়েবডেস্ক: 'বদলা' নেওয়া হয়ে গেছে! প্রথম দফা নির্বাচন চলাকালীন বিস্ফোরক দাবি করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন বুথ পরিদর্শনে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বললেন, 'আমি বদলা নিয়ে নিয়েছি।' 

 

বৃহস্পতিবার সাতসকালে ভোট দিয়েছেন শুভেন্দু। এরপরই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন। বেলা গড়াতেই শুভেন্দুর দাবি, "বেলা ১২টার মধ্যেই ৬০ শতাংশ ভোট পড়েছে। আমি কখনও দেখিনি বেলা ১২টার মধ্যে ৬০ শতাংশ ভোট পড়তে। হিন্দু ও মহিলারা একজোট হয়ে ভোট দিচ্ছেন। বেঙ্গালুরু, কর্ণাটক থেকে মানুষ এসে ভোট দিচ্ছেন।" 

 

প্রথম দফা ভোট চলাকালীন নন্দীগ্রামের পরিস্থিতি নিয়েও মুখ খুলেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, "নন্দীগ্রামে ৫০টি বুথে তৃণমূলের কোনও এজেন্ট নেই।" তাঁর আরও দাবি, একটি বুথ পরিদর্শনে তিনি গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পরেই, ভোটাররাই তাঁকে বাড়ি ফিরে যেতে বলেন‌। কারণ ওই বুথ থেকে বিজেপি ২০০-র বেশি ভোটে এগিয়ে থাকবে বলে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে। 

 

একুশের নির্বাচনের প্রসঙ্গ টেনে এনে মন্তব্য করেছেন শুভেন্দু। বিজেপি প্রার্থী বলেন, "একুশ সালের ভোটে পয়লা এপ্রিল যা করেছিল, তার বদলা সুদে-আসলে তুলে নিয়েছি।" তাঁর দাবি, ১৫২টি আসনের মধ্যে ১২৫টি আসনে বিজেপি জয়ী হবে। জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ, সাফ হয়ে যাবে তৃণমূল।

অন্যদিকে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের দাবি, "সব ঠিক আছে। ৮০ শতাংশ ভোট পড়ে গেছে।" এদিকে কমিশনের তথ্য অনুযায়ী, এদিন দুপুর ১টা পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়েছে ৬৫.৪৬ শতাংশ। বহরমপুরে ভোট পড়েছে ৬১.৬৯ শতাংশ। সামশেরগঞ্জ ছাড়াও যে যে বিধানসভায় ভোটের হার বেশি সেগুলি হল - রঘুনাথগঞ্জে ৭০.২৯ শতাংশ, চন্দ্রকোণায় ৬৯.৪১ শতাংশ, সুতিতে ৬৮. ৮৬ শতাংশ, গড়বেতায় ৬৭.৯৭ শতাংশ, লালগোলায় ৬৭. ২৮ শতাংশ, পিংলায় ৬৬.৯৩ শতাংশ, দুবরাজপুরে ৬৬.৮৮ শতাংশ, বিনপুরে ৬৬.৮৭ শতাংশ, ফরাক্কায় ৬৬.৭০ শতাংশ৷ 

 

বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে প্রথম ছ'ঘণ্টায় ৬২ শতাংশের বেশি ভোট পড়ল‌। জেলায় জেলায় এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, দুপুর ১টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৬২.১৮ শতাংশ।