আজকাল ওয়েবডেস্ক: বুথের বাইরে তাজা বোমা! বুথ থেকে কিছুটা দূরেই ছয়টি তাজা বোমা উদ্ধার করাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।‌ এই ঘটনা ঘিরে দ্বিতীয় দফার ভোটের দিন উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভায়। 

 

কেতুগ্রাম বিধানসভার বিরুরী গ্রামের ৩৫ নম্বর বুথ থেকে কিছুটা দূরেই উদ্ধার হয়েছে ছয়টি তাজা বোমা। বুথ থেকে স্বল্প দূরেই একটি ফাঁকা জায়গায় লাইলনের একটি ব্যাগের মধ্যেই রয়েছে তাজা বোমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যাগের মধ্যে রয়েছে ছয়টি তাজা বোমা। 

 

ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। যেখানে বোমা রয়েছে সেই জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, ইতিমধ্যেই বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়েছে। তাদের দল এসে এই বোমা উদ্ধার করবে। 

 

ঘটনাস্থল থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখা হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খোলেননি। তবে প্রশ্ন উঠছে কীভাবে ভোটের দিন বুথ সংলগ্ন জায়গায় বোমা পাওয়া গেল? কী কারণে রাখা হয়েছিল এই বোমা? যদিও কে বা কারা এই বোমা রেখেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। 

 

প্রসঙ্গত, ভোটের সকালেই চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার জগদ্দলে। এখানেই একটি বুথের পাশ থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। এলাকায় শোরগোল ছড়াতেই তৎপর কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বাহিনী। 

 

জানা গেছে, জগদ্দল বিধানসভার পানপুরে ৩৪ নং বুথের পাশ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। জগদ্দল বিধানসভার পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩৪ নং বুথের কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করে শিবদাসপুর থানার পুলিশ। পুলিশের তৎপরতায় এড়ানো গিয়েছে অশান্তি। 

 

জগদ্দল বিধানসভার কেউটিয়া ৩৪ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী, পুলিশের তৎপরতায় এড়ানো গেছে অশান্তি। ওই আগ্নেয়াস্ত্র কে বা কারা এবং কেন এলাকায় রাখা হয়েছিল, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।