মিল্টন সেন, হুগলি: সমবেত কয়েক হাজার মানুষ। পবিত্র ইদের নামাজ পড়া হল পাণ্ডুয়ার জিটি রোডে। ইদ উপলক্ষে শনিবার সকাল ৮টা থেকে পাণ্ডুয়ার জিটি রোডে কয়েক হাজার মানুষ একত্রে বসে নামাজ পাঠ করেন। সকলের সঙ্গে নামাজ পড়েলেন হুগলি জেলাশাসক খুরশিদ আলি কাদরি। উপস্থিত ছিলেন হুগলি সাংসদ রচনা ব্যানার্জি, পাণ্ডুয়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় ঘোষ, অসিত চ্যাটার্জি প্রমুখ।
 
পশ্চিমবঙ্গ আঞ্জুমান হজ কমিটির সেক্রেটারি হাজি কামরুল হুদা বলেন, “পশ্চিমবঙ্গে সবথেকে বড় নামাজ হয় কলকাতার রেড রোডে তারপরই বড় নামাজ অনুষ্ঠিত হয় পাণ্ডুয়ার জিটি রোডে। নামাজ উপলক্ষে সকাল ৬টা থেকে ভারী যান চলাচল বন্ধ থাকে জিটি রোডে। নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকে হুগলি গ্রামীণ জেলা পুলিশ বাহিনী।” 
 
শনিবার নামাজ শেষে হুগলি সাংসদ রচনা ব্যানার্জির জানিয়েছেন, প্রত্যেক বছর পাণ্ডুয়ার ইদের নামাজে তিনি আসেন। এটি বর্তমানে তাঁর নির্দিষ্ট একটি কর্মসূচির মধ্যেই পড়ে। একমাস রোজার পর আজকের এই পবিত্র ইদের জন্য তিনি অপেক্ষা করে থাকেন। আগামী দেড়-দু’মাস তাঁর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ সময়। প্রতি বছর পাণ্ডুয়ার ইদের নামাজে রচনাকে দেখা যায় রঙিন শাড়িতে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তিনি জানান, দিনক্ষণ হিসেবে শাড়ি নির্বাচন করেন তিনি। এদিন শনিবার। তাই নীলের দিন। নীল পড়েছেন।
 
এবারের বিধানসভা নির্বাচনে পাণ্ডুয়ায় তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমীর চক্রবর্তী। এদিনের এই নামাজে উপস্থিত ছিলেন তিনিও। নামাজ শেষে তিনি বলেন, “তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জির হাতকে আমাদের আরও শক্ত করতে হবে।”
 
পাণ্ডুয়ার বিদায়ী বিধায়কের অফিস তালা বন্ধ প্রসঙ্গে সাংসদ বলেন, “মানুষের কোনও প্রয়োজন হলে পাণ্ডুয়ার তৃণমূল নেতৃত্ব আছে, তিনি আছেন। তৃণমূল কংগ্রেস কারও একার নয়। দল সকলের। সকলে মিলেই পাণ্ডুয়ার  বাসিন্দাদের পাশে থাকবেন। আর একটা মাস একটু অসুবিধা হবে।”
 
প্রসঙ্গত, প্রতি বছরের ন্যায় এই বছরও শনিবার রেড রোডে ইদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ব্যানার্জি। সঙ্গে ছিলেন অভিষেক ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও বিশিষ্টরা। নির্বাচনের আগে রেড রোডের অনুষ্ঠান থেকে বিজেপ এবং নির্বাচন কমিশনরে বিরুদ্ধে তোপ দাগেন মমতা। এই বছর ২৩ এবং ২৬ এপ্রিল দু’দফায় নির্বাচন হবে রাজ্যে। নিরাপত্তার দায়িত্বে থাকছে ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ফল প্রকাশ ৪ মে।