আজকাল ওয়েবডেস্ক: রাজনৈতিক আকচাআকচির মধ্যেই অন্য ছবি দেখা গেল হুগলির দুই বিধানসভায়। বলাগড়ের সৌজন্য সাক্ষাৎ দুই প্রার্থীর। তৃণমূলের প্রার্থী রঞ্জন ধারা ও সিপিআই(এম) প্রার্থী বিকাশ গোলদারকে দেখা গেল একসঙ্গে। বলাগড় বিধানসভার বলাগর উচ্চ বিদ্যালয়ে নির্বাচনের দিন দু’জনের দেখা হয়ে যায়। রঞ্জন ধারা সিপিআইএম প্রার্থী বিকাশ গোলদারকে ডেকে কথা বলেন এবং হাত মেলান।
রঞ্জন বলেন, “নির্বাচন আসবেন নির্বাচন যাবে সৌজন্যতা থাকবে। তিনিও একজন প্রার্থী, আমিও একজন প্রার্থী। দেখা হল, দু’জন দু’জনের সাথে কথা বললাম। শরীর কেমন আছে তা জানলাম।”
বিকাশ গোলদার বলেন, “রঞ্জন ধারা একজন স্কুলশিক্ষক। আমিও একজন স্কুলশিক্ষক। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে ভোটের ময়দানে লড়াই। সেখানে দেখা হয়েছে, সৌজন্য বিনিময় হয়েছে।”

একই ছবি দেখা গিয়েছে আরামবাগেও। বুথ পরিদর্শনে এসে একে অপরকে জড়িয়ে ধরলেন সিপিএম এবং তৃণমূল প্রার্থী। একে অপরের মুখোমুখি হতেই কুশল বিনিময় করলেন দুই দলেরই মহিলা প্রার্থী। দু’জনে একে অপরের শরীরের খোজ নেন। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ ও সিপিএম প্রার্থী বিথীকা পণ্ডিত এদিন আরামবাগের সালেপুর ২ পঞ্চায়েতের ২১৫, ২১৬ ও ২১৭ নম্বর বুথে যান। সেখানে দু’জনে মুখোমুখি হতেই সৌজন্য সাক্ষাত করেন। উভয়ই বললেন, “আমরা মানুষ। মানবিকতা চলে যায়নি। ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। শান্তিপূর্ণ ভোট হোক এটাই চাই।”
দ্বিতীয় দফায় দুপুর ৩টে পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৭৮.৬৮ শতাংশ। জেলা অনুযায়ী ভোটের হার হাওড়ায় ৭৭.৭৩ শতাংশ, হুগলিতে ৮০.৭৭ শতাংশ, উত্তর কলকাতায় ৭৮ শতাংশ, দক্ষিণ কলকাতায় ৭৫.৩৮ শতাংশ, নদিয়ায় ৭৯.৭৯ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৭৭.৩৯, দক্ষিণ ২৪ পরগনায় ৭৬.৭৫ শতাংশ, পূর্ব বর্ধমানে ৮৩.১১ শতাংশ। বিধানসভা অনুযায়ী, দুপুর ৩টে পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানের গলসিতে। ভোটের হার ৮৫.১১ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়ল মহেশতলায় ৭০.১০ শতাংশ। হুগলির বলাগড়ে ভোট পড়েছে ৮০.৯৫ শতাংশ। আরামবাগে ভোটদানের হার ৮৩.৮৩ শতাংশ।















