মিল্টন সেন, হুগলি: ভোটের লাইনে গোলমাল। অতর্কিতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর। পালিয়েও শেষরক্ষা হল না। পালিয়ে ভোটকেন্দ্র সংলগ্ন বাড়িতে ঢুকে পড়েন ভোটাররা। সেখানে ঢুকে নির্বিচারে ব্যাপক মারধর করার অভিযোগ করেছেন ওই বাড়ির বাসিন্দারাও। মহিলাদেরও মারধোর করারও অভিযোগ উঠেছে। অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর মন্তব্য, জমায়েত করলে এমনটাই নাকি হয়।
ঘটনাটি ঘটেছে তারকেশ্বর বিধানসভার অন্তর্গত বালিগরি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিগরি অধরমনি দত্ত বিদ্যমন্দির স্কুলে। এই স্কুলে রয়েছে ২১৮, ২১৯, ২২০ এবং ২২১ নম্বর, মোট চারটি বুথ। তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের অভিযোগ, বুথের ভিতর জায়গা থাকলেও ভোটারদের বাইরে রোদে দাঁড় করিয়ে রাখা হচ্ছিল। এই বিষয়ে ওই বুথে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বলতে যাওয়ায় ঘটনার সূত্রপাত। হঠাতই সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছয় এবং অতর্কিত লাঠিচার্জ করেন। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ আক্রান্ত হন। লাঠিচার্জ দেখে কয়েকজন পালিয়ে যান। ভোটগ্রহণ কেন্দ্র সংলগ্ন বাড়িতে ঢুকে বাঁচার চেষ্টা করেন। কেন্দ্রীয় বাহিনী জাওয়ানরা সেই বাড়িতে ঢুকে মারধর করেন বলে অভিযোগ। লাঠিচার্জ করা হয় ওই বাড়ির বাসিন্দাদেরও উপরেও। অভিযোগ, বাধা দেওয়ায় বাড়ির মহিলাদেরও বেধড়ক মারধর করা হয়। ক্যান্সারে আক্রান্ত এক মহিলাকেও ফেলে মারা হয় বলে অভিযোগ করেন রামেন্দু সিংহ। তাঁর অভিযোগ, বুথের পাশাপাশি থাকা কয়েকটি বাড়িতে ঢুকেও বাড়ির মহিলা ও পুরুষদের ব্যাপক মারধোর করা হয়েছে।
ঘটনায় খতিয়ে দেখে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগ জানিয়েছেন রামেন্দু। যদিও পাল্টা বিজেপি প্রার্থীর দাবি, জমায়েত হটাতে লাঠি চার্জ করেছে কেন্দ্রীয় বাহিনী। মহিলা আক্রান্ত প্রসঙ্গে বিজেপি প্রার্থীর বক্তব্য, জমায়েত করলে নাকি এমনটা হতেই পারে।
ছবি পার্থ রাহা।
















