আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো এজেন্ট বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল খানাকুলের রাজহাটি-১ পঞ্চায়েতের রামচন্দ্রপুরের ১৪৭ নম্বর বুথে। এই ঘটনাকে কেন্দ্র করে বুথের সামনেই আইএসএফ-তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতিও হয়। আইএসএফের অভিযোগ, তাদের পোলিং এজেন্টের ফর্ম নকল করে তৃণমূল তাদের এজেন্ট বসিয়ে দিয়েছে। তাদের এজেন্টকে রাত থেকে ভয় দেখিয়ে বুথে আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনার খবর পেয়েই খানাকুলের আইএসএফের প্রার্থী বুথে গিয়ে ওই এজেন্টকে বের করে দেন।

দ্বিতীয় দফায় খবরের শিরোনামে ভাঙড় বিধানসভা। ভোটগ্রহণকে ঘিরে এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। সংবেদনশীল হিসেবে চিহ্নিত এই অঞ্চলে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং এনআইএ-র একটি বিশেষ দল।

এদিন ভাঙড়ে ভোটকে ঘিরে ফের উত্তেজনা ছড়ায় শাইহাটি এলাকায়। বুথ নম্বর ২৫৮ ও ২৫৯-এ ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, সকাল থেকেই একাংশ ভোটারকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছিল না এবং এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়। এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান ভাঙড় বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী।

বাসন্তীতে বুথ পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। ঘটনায় তাঁর গাড়ি ভাঙচুর করা হয় এবং নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগও সামনে এসেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার সকালে উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভার একটি ভোটকেন্দ্রে উত্তেজনা ছড়াল। ওই বিধানসভার অবিনাশ কবিরাজ স্ট্রিটে তৃণমূলের ক্যাম্প ভাঙার অভিযোগ উঠল বিজেপির প্রার্থীর বিরুদ্ধে।