আজকাল ওয়েবডেস্ক: শহরের দুই ইভিএম স্ট্রংরুম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে বিশৃঙ্খলার অভিযোগ সামনে আসার পর কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ।
শহরের সাতটি নির্ধারিত স্ট্রং রুমের চারপাশে জারি করা হল ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১৬৩ ধারা। কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দের জারি করা নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি স্ট্রংরুমের ২০০ মিটারের মধ্যে পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
পাশাপাশি মিছিল, বিক্ষোভ, অস্ত্র বহন এবং বিস্ফোরক সামগ্রী নিয়ে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গণনাকে কেন্দ্র করে যাতে কোনওরকম অশান্তি, হিংসা বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, গত ৩০ এপ্রিল থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে। আগামী ৪ মে গণনার দিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানা গিয়েছে।















