আজকাল ওয়েবডেস্ক: ভোটের সকালেই চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার জগদ্দলে। এখানেই একটি বুথের পাশ থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। এলাকায় শোরগোল ছড়াতেই তৎপর কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বাহিনী।
জানা গেছে, জগদ্দল বিধানসভার পানপুরে ৩৪ নং বুথের পাশ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। জগদ্দল বিধানসভার পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩৪ নং বুথের কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করে শিবদাসপুর থানার পুলিশ। পুলিশের তৎপরতায় এড়ানো গিয়েছে অশান্তি।
জগদ্দল বিধানসভার কেউটিয়া ৩৪ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী, পুলিশের তৎপরতায় এড়ানো গেছে অশান্তি। ওই আগ্নেয়াস্ত্র কে বা কারা এবং কেন এলাকায় রাখা হয়েছিল, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। খবর পেয়ে তৎপর হয়ে ওঠেন জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার।
বিজেপির জগদ্দলের প্রার্থী রাজেশ কুমার জানিয়েছেন, সকাল থেকে ভোটারদের লম্বা লাইন। কেন্দ্রীয় বাহিনীও দারুণ ভূমিকা পালন করছে। তাঁর অভিযোগ, তৃণমুলের দুষ্কৃতীরা এই অস্ত্র ভোটারদের ভয় দেখানোর জন্য রেখে দিয়েছে। একুশের নির্বাচনেও ওই এলাকায় বোমা রেখে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল। অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন রাজেশ কুমার।
















