আজকাল ওয়েবডেস্ক: বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু। আজ সকাল সাতটা থেকে কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ। 

 

তবে একাধিক বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও ভোটগ্রহণ শুরু হয়নি। কারণ জায়গায় জায়গায় ইভিএম কাজ না করার অভিযোগ উঠেছে। সাতটা থেকে ভোটগ্রহণ শুরু করার কথা থাকলেও, সকাল সাড়ে আটটাতেও ভোট দিতে পারছেন না ভোটাররা। 

বালি বিধানসভা কেন্দ্রে ডন বসকো লিলুয়া সহনলাল বিদ্যালয় ইভিএম মেশিন খারাপ হওয়ার জন্য ভোটাররা উত্তেজিত হয়ে ওঠে। কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে। 

এদিন দক্ষিণ কলকাতার যাদবপুরে ১১০ নম্বর ওয়ার্ডের ৩২৩ বুথে সকাল থেকে এভিএম খারাপ হওয়ার অভিযোগ জানিয়েছেন স্থানীয় ভোটাররা। সোনারপুর উত্তরে বনহুগলি ১-তেও একটি বুথে এভিএম বিকল বলে অভিযোগ উঠেছে। 

 

নদিয়ার রানাঘাট টাউনের ৩ নম্বর ওয়ার্ডের ১৪৮ নম্বর বুথে সকাল থেকে ইভিএম কাজ করছে না। সোনারপুর দক্ষিণে কালিকাপুর ২-এর ২৬১ নম্বর বুথেও এভিএম বিকল। কৃষ্ণনগরের নাকাশিপাড়ায় ধনঞ্জয়পুরের ২৩৬ নম্বর বুথেও এভিএম কাজ করছে না। কালিগঞ্জের ৬২ নম্বর বুথেও এভিএম বিকল বলে অভিযোগ উঠেছে। 

 

পাশাপাশি উত্তর হাওড়া বিধানসভার সালকিয়ার নিগেন্দ্র দত্ত স্মৃতি বালিকা বিদ্যাপীঠ ৩৪ ও ৪১ নম্বর বুথে ইভিএম খারাপ থাকায়, সকাল সাড়ে আটটাতেও ভোট প্রক্রিয়া শুরু করা যায়নি। আরামবাগের পারুল এলাকায় ১২৪ নং বুথেও ইভিএম মেশিন খারাপ। তাই ভোটদানের প্রক্রিয়া চালুই হয়নি। এদিকে ভোটকেন্দ্রে লম্বা লাইন। ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা। 

 

১১৯ বারাসাত বিধানসভার ৯৯ পার্ট নলেজ হোম স্কুলে সকাল থেকে ইভিএম খারাপ। ভোরবেলা থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে। ভোট শুরু হতেই জানানো হয়, ইভিএম খারাপ। প্রায় দেড় ঘণ্টা পরেও ভোটগ্রহণ শুরু হয়নি এই বুথে। 

 

দমদম বিধানসভা কেন্দ্রের দমদম জিএসএফপি স্কুলে সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হলেও এই ভোট কেন্দ্রে চারটে বুথ রয়েছে ১১১/১১২/১১৩/১১৪। এই চারটি বুথের মধ্যে সকালে ১১৩ এবং ১১৪ নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে যায়। পরবর্তীকালে ১১৩ ইভিএমটি ঠিক করা হলেও ১১৪ নম্বর বুথে ইভিএম এক ঘণ্টা পরেও এখনও ঠিক করা হয়নি। তাই ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে। 

বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের হাড়াল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ৪৬ নম্বর বুথে ইভিএম বিভ্রাট ঘিরে ব্যাপক ক্ষোভ ছড়াল ভোটারদের মধ্যে। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে ভোটগ্রহণ, ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। 

 

ভোটকর্মী সূত্রে জানা যায়, সকাল সাতটা নাগাদ ভোটগ্রহণ শুরু হওয়ার পরই ইভিএমে সমস্যা ধরা পড়ে। মেশিন সঠিকভাবে কাজ না করায় ভোট প্রক্রিয়া থমকে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় সেক্টর অফিসারকে। পরে তিনি ঘটনাস্থলে পৌঁছে ত্রুটিযুক্ত ইভিএম বদলের ব্যবস্থা করেন। নতুন মেশিন বসানোর পর পুনরায় শুরু হয় ভোটগ্রহণ।

তবে এই বিলম্বে চরম অসন্তোষ দেখা যায় লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে। সকাল থেকে ভোট দিতে এসে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হওয়ায় ক্ষোভ উগরে দেন অনেকে। বিশেষ করে প্রবীণ ও অসুস্থ ভোটারদের জন্য এই পরিস্থিতি আরও কষ্টকর হয়ে ওঠে। তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হওয়ায় অসুবিধার কথা জানান বহু মানুষ।

 

যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইভিএম বদলের পর এখন স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ চলছে। কোনও ভোটার যাতে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি প্রশাসনের।