আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তার আগে সোমবার বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু আসন্ন বিধানসভা নির্বাচনে বাম জোটের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন। এর পরেই সিপিআইএমএল (লিবারেশন)-এর তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, বামফ্রন্টের চেয়ারম্যান ও সিপিআই (এম) দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা ও সহমতের রাজ্যের ১০টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ১০টি কেন্দ্রের তালিকা নিজেদের এক্স হ্যান্ডলে প্রকাশ করেছে লিবারেশন।
এক্স হ্যান্ডলের পোস্ট অনুযায়ী, ফাঁসিদেওয়া বিধানসভায় লড়বেন সুমন্তী এক্কা, ভরতপুরে জিন্নাতুন নাহার গুলশান বেগম, বহরমপুরে আবুল কাশেম শেষ, কৃষ্ণনগর দক্ষিণে লাবণী জঙ্গী, নৈহাটিতে দেবজ্যোতি মজুমদার, বজবজে কাজল দত্ত, রাসবিহারীতে মানস ঘোষ, ধনেখালিতে রুমা আহেরী বিষ্ণুপুরে তিতাস গুপ্ত এবং পূর্বস্থলী দক্ষিণে জিয়াদুল সেখ তিন তারা পতাকা প্রতীকে লড়বেন।
অন্যদিকে, বামফ্রন্টের প্রার্থীতালিকা দেখে মনে হচ্ছে, এবারেরও বিভিন্ন বয়সের, বিভিন্ন বৃত্তের, বিভিন্ন সংগঠনের মানুষকে প্রার্থী তালিকায় স্থান দিয়েছে বামেরা। বাম জোটের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন, কামারহাটিতে মানস মুখার্জি, উত্তরপাড়াতে মীনাক্ষী মুখার্জি, দমদমে ময়ূখ বিশ্বাস, বরানগরে সায়নদীপ মিত্র, দমদম উত্তরে দীপ্সিতা ধর, যাদবপুর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুতিতে হাসানুজ্জামান, কালীগঞ্জে সাবিনা ইয়াসমিন, ডোমকলে মুস্তাফিজুর রহমান, বনগাঁয় উত্তর পীযুষ সাহা, গাইঘাটায় সজল বিশ্বাস, ব্যারাকপুরে সুমন ব্যানার্জি, খড়দহে দেবজ্যোতি দাস, বরানগরে সায়নদীপ মিত্র, মহেশতলায় সায়ন ব্যানার্জি, পানিহাটিতে কলতান দাশগুপ্ত, শ্রীরামপুরে নবনীতা চক্রবর্তী, সিঙ্গুরে দেবাশিষ চট্টোপাধ্যায়, ফারাক্কায় মুজাফ্ফর হুসেন, রাজারহাট নিউটাউনে সপ্তর্ষি দেব, পিংলায় অশোক সেন, নারায়ণগড়ে তাপস সিনহা, রানিবাঁধে দেবলীনা হেমব্রম।
