চলতি বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আবারও ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচন লড়েছেন রাজ চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের থেকে টিকিট পেয়েছিলেন পরিচালক। গতবার জিতলেও, এই নির্বাচনে দুপুর পৌনে চারটে পর্যন্ত তিনি প্রায় সাড়ে নয় হাজারের বেশি ভোটে পিছিয়ে। তারপরই এদিন তিনি ভোট গণনা কেন্দ্রে ছাড়ার সময়ই ঘটে গেল বিপত্তি।
ব্যারাকপুর বিধানসভা নির্বাচন কেন্দ্রে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। তাঁর থেকে ৯,৫৮২ ভোটে পিছিয়ে রয়েছেন রাজ চক্রবর্তী। এরপরই তিনি দুপুরবেলা ভোট গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। আর সেই সময়ই তাঁকে দেখে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী, সমর্থকরা। শুধু তাই নয়, তাঁর গায়ে কাদা ছিটানো হোক। কাদার তাল ছুঁড়ে মারতে থাকেন তাঁরা। সেখানে থাকা তৃণমূল কর্মীরা তাঁকে আড়াল করে সরিয়ে নিয়ে যান।
এদিন ভোট গণনা কেন্দ্র থেকে ম্লান হাসিমুখে বাইরে বেরোন রাজ। এরপরই তাঁকে কাদা ছোঁড়া হলে স্বাভাবিক ভাবেই তিনি বিব্রত এবং বিরক্ত হন। মাথা নিচু করে শেষ পর্যন্ত কেন্দ্র ছাড়েন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, রাজ চক্রবর্তী টলিউডের প্রথম সারির পরিচালক। উপহার দিয়েছে চ্যালেঞ্জ, 'পরিণীতা', 'প্রলয়', 'সন্তান', ইত্যাদির মতো ছবি। ২০২১ সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সেই বছরই তাঁকে জোড়া ফুল শিবির টিকিট দেয়। ব্যারাকপুর থেকে প্রার্থী হন, এবং শেষ হাসি তিনিই হাসেন। কিন্তু ২০২৬ সালের ছবিটা যেন একটু আলাদা। এদিন বিকেল পর্যন্ত তিনি প্রায় ১০ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন। শেষ পর্যন্ত এই বিধানসভা কেন্দ্রের ফলাফল কী হয় সেটাই দেখার। রাজ ম্যাজিক আবার কাজ করে, নাকি কৌস্তভ বাগচী জয়ী হন সেদিকেই নজর সকলের।
















