আজকাল ওয়েবডেস্ক: ভোটগণনার মধ্য লগ্নেও আশাবাদী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এখনও লক্ষ লক্ষ কর্মী, সমর্থকদের ধৈর্য ধরার আশ্বাস দিলেন তিনি। 

 

সোমবার বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, "এখনও ৪, ৫, ৬, ৮ রাউন্ড কাউন্টিং হয়েছে, এখনও অনেক বাকি রয়েছে। তাই সবাইকে অনুরোধ করব, ধৈর্য ধরুন। প্রত্যেক তৃণমূল কাউন্টিং এজেন্টকে বলব, কেউ কাউন্টিং ভেন্যু ছেড়ে বেরোবেন না। আগে মানুষের রায় নিশ্চিত হোক। সবটাই পর্যালোচনা করা হবে। কোথায় খামতি দেখা হবে। যাঁরা বলেছিলেন উল্টে করে ঝুলিয়ে দেবে, তাঁদের চেহারা আজ দেখাই যাচ্ছে।" 

 

প্রসঙ্গত, এদিন অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। হেস্টিংসে অভিষেক ব্যানার্জিকে বের করে দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের। তিনি প্রার্থী নন। প্রার্থী বা এজেন্ট ছাড়া কারও গণনাকেন্দ্রে থাকার কথা নয়। এই কারণেই তাঁকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়৷ 

দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রাপ্তির নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি। ইতিমধ্যেই একাধিক জায়গায় গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা উচ্ছ্বাস দেখাতেও শুরু করেছেন। এর মাঝেই দলীয় কর্মীদের বড়সড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তাঁর দাবি, সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে! 

 

সোমবার দুপুরে সমাজমাধ্যমে ভিডিও বার্তায় মমতা বললেন, "দয়া করে কাউন্টিং এজেন্ট, প্রার্থীরা এলাকা ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি আগেই বলেছিলাম প্রথম দু-তিন রাউন্ডে ওদের গুলো আগে দেখাবে। অনেক জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখেছে। কল্যাণীতে সাতটা মেশিন পাওয়া গেছে, যেখানে কোনও মিল নেই। এসআইআরে ভোট লুঠ করেছে। ৭০-১০০ টা সিটে আমরা এগিয়ে, সেগুলো প্রকাশ করছে না। পুরোটাই নির্বাচন কমিশন করছে। মিডিয়ায় মিথ্যে খবর খাওয়াচ্ছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর অধীনে কাজ করছে আমাদের পুলিশ। আম দলীয় কর্মীদের বলব, ওয়েট অ্যান্ড ওয়াচ। ভয় পাবেন না, মনখারাপের কারণ নেই, সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে। ১৪-১৮ রাউন্ডের পরই আপনারা জিতবেন, আমি পাশে আছি, বাঘের বাচ্চার মতো লড়াই করুন।"