আজকাল ওয়েবডেস্ক: তিনি দলনেত্রী। তিনি প্রার্থীও। একদিকে নিজের হয়ে নামবেন পথে, অন্যদিকে নামবেন অন্যদের হয়েও। মমতা ব্যানার্জি রবিবার নিজের কেন্দ্রে কর্মিসভা করবেন। এই কর্মসূচি প্রার্থী মমতার। আবার সেসব সেরে দলনেত্রী মমতা ব্যানার্জি, কোন কোন প্রার্থীর হয়ে, কবে, কোথায় প্রচার করবেন, নজর সেদিকেও। আগে জানা গিয়েছিল, মঙ্গলবার উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করবেন মমতা ব্যানার্জি। তবে সূত্রের খবর, বাধ সেধেছে আবহাওয়া। ফলে সূচিতে বদল সামান্য। সূত্রের খবর, মঙ্গলের বদলে, মমতা ব্যানার্জির প্রচার শুরু হচ্ছে বুধবার থেকে।
সূত্রের খবর, বুধবার বুধবার নকশালবাড়ি,ডাবগ্রাম ফুলবাড়ি ও ময়নাগুড়িতে নির্বাচনী সভা করবেন মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে নির্বাচনী জনসভা করবেন তিনি। মঙ্গলবার দুপুরের পর উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেবেন মমতা ব্যানারজি, সম্ভাবনা তেমনটাই। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, বুধবার উত্তরবঙ্গের তিনটি সভা শেষ করার পর দুর্গাপুরে আসবেন তিনি। বৃহস্পতিবার দুর্গাপুর থেকেই পাণ্ডবেশ্বর ও দুবরাজপুর এর জনসভাতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে মোট পাঁচটি নির্বাচনী জনসভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো । উত্তরে প্রচার শুরু করে, মার্চ মাসেই বাঁকুড়া-পুরুলিয়ার একাধিক বিধানসভায় নির্বাচনী প্রচার করবেন মমতা ব্যানার্জি, সূত্রের খবর তেমনটাই।
অন্যদিকে, এই ভোটে প্রচার চালাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বিধানসভা ভোটের প্রার্থী নন। ফলে তাঁর নিজের হয়ে ভোট চাওয়ার নেই জনগণের কাছে। রয়েছে দলের প্রার্থীদের হয়ে ভোটের আবেদন। রবিবার মমতা ব্যানার্জির কর্মিসভায় হাজির থাকবেন তিনি, সূত্রের খবর তেমনটাই। ২৪ মার্চ থেকে নির্বাচনী প্রচার, জনসভা শুরু হচ্ছে অভিষেকের। ২৪ থেকে ৩১ মার্চ, আটদিনেই উত্তর থেকে দক্ষিণ চষে ফেলবেন তৃণমূলের সাংসদ। পাথরপ্রতিমা থেকে সন্দেশখালি হয়ে ফালাকাটা, রাজগঞ্জ, আপাতত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদকের যে সফরসূচি, তাতে আটদিনে ২০টির বেশি জনসভা, বৈঠক করবেন তিনি।
কবে কোথায় অভিষেক? একনজরে-
২৪ মার্চ- পাথরপ্রতিমায় জনসভা।
২৫ মার্চ- দাসপুরে, কেশিয়ারি এবং নারায়নগড়ের জনসভা। নন্দীগ্রামে কর্মিসভা।
২৬ মার্চ- জনসভা নাটাবাড়ি, ধুপগুড়িতে। রোড শো কালচিনিতে।
২৭ মার্চ- বিনপুর, পাঁশকুড়া পূর্ব, কুলপি, তিনটি জনসভা।
২৮ মার্চ- বালুরঘাট, মানিকচক এবং সাগরদিঘি, তিনটি পৃথক জনসভা।
২৯ মার্চ- দুবরাজপুর, নওদা, সন্দেশখালিতে জনসভা।
৩০ মার্চ- বাগমুণ্ডিতে জনসভা, কাঁথিতে অভ্যন্তরীণ বৈঠক।
৩১ মার্চ- তিনটি জনসভা, শিতলকুচি, রাজগঞ্জ এবং ফালাকাটায়।
