আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোরদার কাটাছেঁড়া। এই আবহে আজ মুজফ্ফর আহমদ ভবন থেকে এক কড়া বিবৃতি জারি করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর দাবি, নির্বাচনের এই ফলাফল থেকে এটা পরিষ্কার যে তৃণমূলের ‘সীমাহীন দুর্নীতি’, ‘স্বৈরাচারী রাজত্ব’ ও ‘অপশাসনের’ বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন এবং রাজ্যের জনগণ বর্তমান সরকারের পতন চেয়েছিলেন। তবে জনগণের এই ক্ষোভের ফায়দা বিজেপি তুলে নিয়েছে বলে তিনি মনে করেন।
সেলিম সাহেব তাঁর বিবৃতিতে কিছু অত্যন্ত গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি জানান যে, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এসআইআর (SIR)-এর মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করার পাশাপাশি বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নামিয়ে রাজ্যে একটি ভীতির আবহাওয়া তৈরি করা হয়েছিল। এর সঙ্গে যোগ হয়েছিল প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের উস্কানি এবং কেন্দ্র ও রাজ্যের শাসক দলের পক্ষ থেকে চালানো সাম্প্রদায়িক মেরুকরণের প্রচার। বামেরা আইএসএফ-কে সঙ্গে নিয়ে বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার চেষ্টা করলেও কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হওয়ায় তৃণমূল বিরোধী বিকল্প স্থানটি বিজেপি দখল করতে পেরেছে বলে তিনি উল্লেখ করেন।
বিজেপিকে একটি ‘স্বৈরাচারী ও গণতন্ত্র-বিরোধী’ দল হিসেবে চিহ্নিত করে মহম্মদ সেলিম রাজ্যের মানুষকে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি থাকার আহ্বান জানিয়েছেন। তবে আশার কথা হিসেবে তিনি উল্লেখ করেছেন যে, দীর্ঘ সময় পর রাজ্য বিধানসভায় এবার বামপন্থী বিধায়ক থাকছেন। বিধানসভার ভেতরে ও বাইরে জনস্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান যে বামপন্থী কর্মীরা যেকোনও পরিস্থিতিতে মানুষের পাশেই থাকবে। সবশেষে, ভোট পরবর্তী কোনও হিংসা বা সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা যেন না হয়, তার জন্য প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর কাছে কড়া আবেদন জানিয়েছেন তিনি এবং রাজ্যে কঠোরভাবে আইনের শাসন বজায় রাখার দাবি তুলেছেন।
















