আজকাল ওয়েবডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় একের পর এক চমক। নতুন মুখের পাশাপাশি, দলের পুরনো সৈনিকদের ওপরেই ফের আস্থা রাখল রাজ্যের শাসক দল। তৃণমূলের প্রার্থী তালিকায় আরও এক চমক হল, ঋতব্রত ব্যানার্জির নাম।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হলেন ঋতব্রত ব্যানার্জি। রাজ্যসভার প্রাক্তন সাংসদ তিনি। একদা সিপিআইএম-এর দাপুটে ছাত্রনেতা ছিলেন ঋতব্রত। ২০১৭ সালে দল থেকে বহিষ্কারের পরেই তৃণমূলে যোগদান। শুরু থেকেই তৃণমূলে সক্রিয় ছিলেন তিনি। বর্তমানে তিনি অল ইন্ডিয়া তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ভোটের ময়দানে তাঁকে লড়াইয়ে সামিল হতে দেখা যায়নি। এই প্রথমবার তৃণমূলের হয়ে ভোটের ময়দানে লড়াই করবেন ঋতব্রত।
তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই ঋতব্রত ব্যানার্জি আজকাল ডট ইন-কে বললেন, "দল যখন যে দায়িত্ব দিয়েছে, সবটাই মন দিয়ে পালন করেছি। গত ১৫ মাস রাজ্যসভার দায়িত্ব পালন করেছি। ২০২১ সাল থেকে অল ইন্ডিয়া তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব পালন করছি। এবার আরেকটি নতুন দায়িত্ব। অবশ্যই ভীষণ ভাল লাগছে। জননেত্রী মমতা ব্যানার্জি ও আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে কৃতজ্ঞতা জানাচ্ছি।"
দিন কয়েক আগেই ধর্মতলায় এসআইআর বিরোধী ধর্নামঞ্চে বক্তৃতা চলাকালীন ঋতব্রতকে 'ধমক' দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বক্তৃতা চলাকালীন চর্যাপদ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ টেনে বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। কিন্তু বক্তৃতার মাঝপথেই ঋতব্রতকে থামিয়ে মমতা বলেন, ‘এবার সাবজেক্টে এসো। এসআইআর-এ এসো।’ যা ঘিরে সোশ্যাল মিডিয়াতেও জোর চর্চা শুরু হয়। সেই ধমক দেওয়ার পরেই চমক দিলেন তৃণমূল সুপ্রিমো।
প্রার্থী তালিকা ঘোষণা করার আগেই সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যদি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে, তাহলে বার বার বাংলাকে আঘাত করছেন কেন? মনে রাখবেন, বাংলাও প্রত্যাঘাত করবে।
আমরা এখানে সবাই সম্প্রতি নিয়ে থাকি। দাঙ্গা লাগানো প্ল্যান। গায়ের জোরে সবাইকে বলছেন সেন্ট্রাল ডেপুটেশনে পাঠাও। জল কে দেখবে, পাওয়ার লোডশেডিং হলে কে দেখবে। কোথাও কিছু হলে আমায় দোষ দেবেন না। এদের টুঁটি চেপে ধরবেন। ২০২৬-এ ২২৬-এর বেশি সিট পেয়ে জিতব।'
প্রসঙ্গত, রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। ১৫২ আসনে হবে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। এই দফায় ১৪২ আসনে ভোট হবে। আগামী ৪ মে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর।
২৯ এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোট হবে: কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা।
