আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টকে তাড়া করে মারধোর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন পর্যবেক্ষক। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে চুঁচুড়ার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত ৫৭ নং বুথে। ভোট ভোট গ্রহণ তখন চলছিল দিগম্বর জৈন স্কুলে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তাদের পোলিং এজেন্টকে মারধর করেছে কেন্দ্রীয় বাহিনী। হাতে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এই খবর শুনেই ঘটনাস্থলে আসেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী। তৎক্ষণাৎ আক্রান্ত ব্যক্তি সমীর দাসকে চিকিৎসার জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পোলিং এজেন্ট সমীর দাসের অভিযোগ, তিনি সকালে থেকেই বুথে ছিলেন। এরপর প্রিসাইডিং অফিসারকে জানিয়ে রিলিফ নিয়ে বাইরে বেরিয়েছিলেন। কিছুক্ষণ পড়ে তিনি যখন আবার বুথে ঢুকতে যান সেই সময় কেন্দ্রীয় জওয়ানরা তাঁকে বাধা দেয় এবং মারধর করে।
তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের এক বুথের এজেন্টকে মারধর করেছে। কিন্তু কি কারণে মেরেছে সে বিষয়ে অন্য জওয়ানদের কাছে জানতে চাওয়া হলে তারা মুখ খুলতে চাননি। এর কোনও সদুত্তর না পেলে তিনি হাইকোর্টে যাবেন। এই প্রসঙ্গে সেক্টর অফিসার রানা বোস ও তার সরকারি দেবজিৎ ঘোষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয় প্রার্থীর। সহকারী সেক্টর অফিসার দেবজিৎ ঘোষ বলেছেন, "আমরা এই ঘটনার এখনও রিপোর্ট পাঠাইনি। আমরা ঐ ছেলেটার সঙ্গে কথা বলেছি ও তার ভিডিও করেছি। তার গায়ের দাগ এবং ঠিক কি ঘটনা ঘটেছে তার কাছ থেকে সবটাই জেনেছি। আমরা সব দেখে রিপোর্ট পাঠাবো।" ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষক শশাঙ্ক সিং বলেন ,"এখনও আক্রান্ত ব্যক্তির পক্ষ থেকে আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা অবশ্যই তা খতিয়ে দেখব।
















