রিয়া পাত্র: বাধ সাধল খারাপ আবহাওয়া, অভিষেকের মুর্শিদাবাদের সভা বাতিল।  বীরভূমে সভা করার পর সেখান থেকে মুর্শিদাবাদের সভাতে যাওয়ার কথা ছিল অভিষেকের। ভগবানগোলায় সভা করার কথা ছিল অভিষেকের। তবে খারাপ আবহাওয়ার কারণে সেখানকার সভা বাতিল করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সূত্রের খবর, অভিষেক ব্যানার্জি সেখানে সশরীরে উপস্থিত হতে না পারলেও, ভার্চুয়াল বৈঠক করতে পারেন। যদিও এই বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে কর্মী সমর্থকরা অপেক্ষা করছেন, সভাস্থলেই। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য তেমনটাই।

প্রসঙ্গত, শনিবার বীরভূমের লাভপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। এদিন বেলায় মঞ্চে উঠে সেখানে ভাষণ শুরু করেন অভিষেক। কেন্দ্রীয় সরকারকে একাধিক ইস্যুতে দোষেন তিনি। রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে কেন্দ্রের মোদি সরকার! সাধারণ মানুষদের মধ্যে বিভেদ তৈরির কাজ করছে বিজেপি, সেই অভিযোগ আরও একবার করেছেন অভিষেক। রাজ্য সরকার বাংলার মানুষের পাশে আছে। রাজ্যের উন্নয়নের বার্তা দিয়েছেন তিনি। আগামী দিনের জন্য উন্নয়নমূলক কাজের খতিয়ানও মঞ্চ থেকে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তবে তাঁর বক্তব্য শেষ করে মঞ্চ ছাড়ার কিছুক্ষণ পরেই ঘটে যায় এই অঘটন। আচমকা সভামঞ্চে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে, আর সেই সঙ্গে তৈরি হয় তীব্র আতঙ্ক।

আগুন দেখতে পেয়ে দর্শক ও কর্মী-সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই প্রাণভয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন, ফলে কিছু সময়ের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। মঞ্চে ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগ থেকেই আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। যদিও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

সবচেয়ে বড় স্বস্তির বিষয়, আগুন লাগার সময় মঞ্চে উপস্থিত ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্য কোনও শীর্ষ নেতা। ফলে বড় ধরনের প্রাণহানির সম্ভাবনা থাকলেও তা এড়ানো সম্ভব হয়েছে।এদিকে, পরিস্থিতি দ্রুত সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মঞ্চে উপস্থিত টেকনিশিয়ানরা। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তৎপরতাতেই কয়েক মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়। দ্রুত পদক্ষেপ না নিলে বড়সড় বিপদ ঘটতে পারত বলে মনে করা হচ্ছে।