আজকাল ওয়েবডেস্ক: গরমের সঙ্গে ভোটের পারদ চড়ছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। এলাকার দাউদপুর অঞ্চলের নয়নান গ্রামে গভীর রাতে বিজেপির সংখ্যালঘু মোর্চার এক নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, সংখ্যালঘু মোর্চার তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক আব্বাস বেগের বাড়ি লক্ষ্য করে হামলা চালায় তৃণমূল দুষ্কৃতীরা। এই ঘটনায় তৃণমূল নেতা শেখ সুফিয়ান ও শামসুল ইসলামের বিরুদ্ধে বোমাবাজির নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ, গভীর রাতে আব্বাস বেগের বাড়ির দরজার সামনে একটি বোমা ফাটে। শব্দে ঘুম ভেঙে পরিবারের সদস্য থেকে প্রতিবেশীরা জেগে উঠলে, দুষ্কৃতীরা আরও দুটি তাজা বোমা বাড়ির সামনে ফেলে পালিয়ে যায়। ভোটের মুখে এমন ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
আব্বাসের অভিযোগ, কয়েকদিন ধরেই শেখ সুফিয়ান প্রকাশ্যে আব্বাস বেগকে বিজেপি করার কারণে সামাজিক বয়কট থেকে নানা রকম হুমকি দিচ্ছিলেন এবং কটূক্তি করছিলেন। সেই ঘটনার পরই এই বোমাবাজির অভিযোগ সামনে আসে। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে নির্বাচন কমিশনের আওতাধীন পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র তদন্তেরও দাবি করেছেন আব্বাস বেগ।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। তিনি দাবি করেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আব্বাস বেগকে কটাক্ষ করে তিনি বলেন, “এত ছোটখাটো লোককে নিয়ে মাথা ঘামানোর কোনও ইচ্ছা নেই।”
ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামের রাজনৈতিক পারদ ক্রমশ চড়তে শুরু করেছে।















