আজকাল ওয়েবডেস্ক: বিজেপিকে আক্রমণ শানিয়েই চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। নির্বাচনী জনসভা থেকে হোক বা নিজের এক্স হ্যান্ডল থেকে। ক্রমাগত গেরুয়া শিবিরকে নিশানা করে চলেছেন অভিষেক। শনিবার নিজের এক্স হ্যান্ডল থেকে ফের বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক।
এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘যাঁরা একসময় নিজ রাজ্য থেকে বিতাড়িত হয়ে ‘তাড়িপর’ ঘোষিত হয়েছিলেন, তাঁরাই এখন বাংলায় এসে ২৩ ও ২৯ তারিখ আমাদের কর্মীদেরকে ঘরে থাকার জন্য প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। তাঁদের নেতার ইশারায় বিজেপির লেঠেল বাহিনী ঘরে ঘরে গিয়ে সাধারণ নাগরিকদের আতঙ্কিত করছে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের হুমকি দিচ্ছে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে সবং এলাকায় এক গৃহবধূ ও তাঁর শিশুকন্যাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ওই প্রসঙ্গ উল্লেখ করে অভিষেক পোস্টে লিখেছেন, ‘আমার নজরে এসেছে যে এই গুন্ডারা সবংয়ে এক তৃণমূল কংগ্রেস সমর্থকের বাড়িতে জোর করে ঢুকে পড়ে এবং তাঁর দুই বছরের মেয়ের সামনেই তাঁকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। অহঙ্কারে মত্ত বিজেপি মনে করে, ব্যালট যা পারে না, বুলেট আর সন্ত্রাস দিয়ে তা অর্জন করা যায়।’
?s
শেষমেশ অভিষেক লিখেছেন, ‘বাংলার কাছে এর প্রতিষেধক আছে। আর সেই প্রতিষেধক গণতান্ত্রিকভাবে, জনগণ নিজেরাই প্রয়োগ করবে। আমি বাংলা–বিরোধী বহিরাগতদের প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাচ্ছি, ৪ মে যখন তা ঘটবে, তখন আপনারা এই বাংলায় উপস্থিত থাকুন। রবীন্দ্রসঙ্গীত হবে। ডিজে মিউজিক হবে। তা যেন আপনার চোখ এড়িয়ে না যায়।’
প্রসঙ্গত, শুক্রবার নির্বাচনী প্রচারে অভিষেক বলেছিলেন, ‘সব হিসেব হবে। মমতা ব্যানার্জি উদার। আমি অত উদার নই। যারা আমাদের উপর অত্যাচার করেছে। বাংলার ক্ষমতা কি চার তারিখের পর বোঝাব।’
অভিষেক আরও বলেছিলেন, ‘কোনও ভদ্র, সভ্য, ভাল লোক বিজেপি করে না। বিজেপি করে চোর, জোচ্চোর, পাতাখোর, গাঁজাখোর, ধর্ষকরা।’
এরপর শনিবার নিজের এক্স হ্যান্ডল থেকে ফের বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক।















