আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার থেকে নির্বাচনী জনসভা শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। মঙ্গলের পর, বুধে নন্দীগ্রামে পবিত্র করের হয়ে বৈঠক করেন অভিষেক। সেখানেই একের পর এক বড় ঘোষণা। জানিয়ে দিলেন সাফ, নন্দীগ্রামে প্রতি বছর সেবাশ্রয় ক্যাম্প করবে তৃণমূল কংগ্রেস। 

 

ডায়মন্ড হারবার, অর্থাৎ নিজের লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় ক্যাম্প শুরু করেছিলেন অভিষেক ব্যানার্জি। এবার সেই ক্যাম্প হয় নন্দীগ্রামেও। ডিসেম্বরের শেষে ঘোষণা, এবং নতুন বছরের শুরিতেই হয় সেই ক্যাম্প। অভিষেক আগেই বলেছিলেন, এই ক্যাম্প তিনি প্রতিবছর করবেন। গেরুয়া শিবিরকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, সাহস থাকলে আটকে দেখানোর। বুধে পবিত্র করের হয়ে কর্মিসভায় গিয়ে অভিষেক জানান, ৫০ হাজারের বেশি মানুষ এই ক্যাম্পের সুবিধা পেয়েছেন। সঙ্গেই বললেন, এবার প্রার্থী পবিত্র, পবিত্র করবেন নন্দীগ্রামকে। 

 

 

এদিন অভিষেক বলেন, পূর্ব মেদিনীপুরের মধ্যে নন্দীগ্রামকেই হতে হবে ছাব্বিশের ভোটের 'ফার্স্ট বয়'। সঙ্গেই বলেন, 'পবিত্র করকে জেতান। প্রতি বছর নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্প হবে।' প্রতি গ্রাম পঞ্চায়েতে একটি করে ক্যাম্প হবে। প্রতি ব্লকে দুটি করে মডেল ক্যাম্প হবে।' জানান, 'রাজ্য সরকার করবে দুয়ারে স্বাস্থ্য, পবিত্র কর করবেন সেবাশ্রয়।' 

 

কর্মীদের এদিন বড় বার্তাও দেন অভিষেক। তিনি বারেবারে বলেছেন কর্মীদের আত্মতুষ্টিতে না ভোগার জন্য। এদিন তিনি বলেন, 'আমার নজর থাকবে, কে কী করছেন সেদিকে।'