আজকাল ওয়েবডেস্ক:‌ বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। নির্বাচনী প্রচারে এসে অভিষেক বলেন, ‘সব হিসেব হবে। ‌মমতা ব্যানার্জি উদার। আমি অত উদার নই। যারা আমাদের উপর অত্যাচার করেছে। বাংলার ক্ষমতা কি চার তারিখের পর বোঝাব।’‌ 


এদিকে, রাজনৈতিক জনসভা থেকে বিজেপি কর্মীদের হুঙ্কার দিয়ে অভিষেক বলেছেন, ‘‌পা ধরে ক্ষমা চাওয়াব।’‌


প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে সবং এলাকায় এক গৃহবধূ ও তাঁর শিশুকন্যাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। চার তারিখের পর সবাইকে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন অভিষেক।


অভিষেক আরও বলেছেন, ‘বিজেপির নেতাদের অনুরোধ করব, যদি ভাবেন লম্ফঝম্প করে এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট করবেন, তাহলে চার তারিখের পরে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে।’‌


এদিকে, রায়দিঘীর বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেছেন, ‘‌এই আসনে যিনি বিজেপির প্রার্থী তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।’‌ তিনি আরও বলেন, ‘‌কোনও ভদ্র, সভ্য, ভাল লোক বিজেপি করে না। বিজেপি করে চোর, জোচ্চোর, পাতাখোর, গাঁজাখোর, ধর্ষকরা।’‌

এদিকে, শুক্রবার মা–মাটি–মানুষকে আবেগঘন বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি জানিয়েছেন, তাঁর জীবনের সবচেয়ে বড় আনন্দ হল ‘‌মা–মাটি–মানুষ–এর মধ্যে থাকা। সাধারণ মানুষই তাঁর প্রধান শক্তি এবং প্রতিটি সংগ্রামের অনুপ্রেরণা। বাংলার মানুষের অধিকার রক্ষায় তিনি যে অবিচল, সেই বার্তা দিয়ে তিনি ফের একবার দিল্লির বিজেপি নেতৃত্বকে ‘‌বাংলা–বিরোধী জমিদার’‌ বলে আক্রমণ শানিয়েছেন। মমতা বলেন, যতদিন তিনি আছেন, বাংলার মানুষের ওপর কোনও অন্যায় বা দুর্ভোগ নেমে আসতে দেবেন না এবং এ রাজ্যের ধর্মনিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক কাঠামোকে রক্ষা করতে তিনি শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবেন।