আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে বড়সড় সমস্যার মুখে পড়লেন কোচবিহারের পোস্টাল ভোট কর্মীরা। অভিযোগ, তাদের মধ্যে অনেককেই প্রায় ৭০০ কিলোমিটার দূরের জেলায় ডিউটির নির্দেশ দেওয়া হয়েছে।

এত অল্প সময়ের মধ্যে এত দূরে পৌঁছনো নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন কর্মীরা। এই পরিস্থিতিতে সোমবার কোচবিহারের জেলাশাসক দপ্তরে গিয়ে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা করেন একাধিক পোস্টাল ভোট কর্মী।

তাদের বক্তব্য, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে তাদের কোনও আপত্তি নেই। কিন্তু একদিনের নোটিশে এত দূরের ডিউটিতে যাওয়া কার্যত অসম্ভব।

যাতায়াতের কোনও সুস্পষ্ট ব্যবস্থা না থাকায় উদ্বেগ আরও বেড়েছে। কর্মীদের দাবি, প্রশাসনের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও সদুত্তর মেলেনি। অতিরিক্ত জেলাশাসক বিষয়টি দেখছেন বলে আশ্বাস দিলেও সমস্যার কোনও সমাধান হয়নি।

উল্টে, নির্বাচন যত এগিয়ে আসছে তত অনিশ্চয়তা বাড়ছে। এর পাশাপাশি ক্ষোভও বাড়ছে ভোট কর্মীদের মধ্যে। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত যাতায়াতের ব্যবস্থা না করা হলে বা সমস্যার সমাধান না মিললে তারা ডিউটিতে যোগ দিতে পারবেন না।

একই সঙ্গে তাঁরা প্রশ্ন তুলেছেন, যদি নির্বাচন কমিশন ডিউটি না করার জন্য কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেয়, তার দায়ভারই বা কে নেবে? এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

নির্বাচন ঘনিয়ে আসার মুখে এমন সমস্যা ভোট প্রক্রিয়ার উপর প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। এখন দেখার, নির্বাচন কমিশন বা জেলা প্রশাসন কত দ্রুত এই জটিলতার সমাধান করতে পারে।