ভোটের ময়দানে ‘শূন্য’ বালিগঞ্জের সিপিএম প্রার্থী আফরিন! সম্পত্তির হিসেবে কি টেক্কা দিচ্ছেন অনেককেই?
নিজস্ব সংবাদদাতা
২২ এপ্রিল ২০২৬ ১৭ : ৪৩
শেয়ার করুন
1
5
৩৪ বছর বাংলা শাসন করা বামপন্থীরা বর্তমানে ভোটবাক্সে ব্রাত্য। একুশের বিধানসভা নির্বাচনে শূন্য হাতে ফিরতে হয়েছিল লাল শিবিরকে। ঠিক একইভাবে স্থাবর সম্পত্তির হিসেবে ‘শূন্য’ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী আফরিন বেগম। তবে সম্পত্তির হিসেবে বড় কোনও অংক না থাকলেও সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে একুশ শতকের আধুনিক তরুণীদের মতোই সচেতন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী।
2
5
মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ২৯ বছর বয়সী আফরিন বেগম বেনিয়াপুকুরের বাসিন্দা। বর্তমানে তিনি একজন গবেষণারত ছাত্রী (Research Scholar) এবং ২০২০ সালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে মাস্টার ডিগ্রি সম্পন্ন করেছেন। তাঁর স্থাবর কোনও সম্পত্তি, গাড়ি কিংবা মাথার ওপর ঋণের বোঝা— কিছুই নেই।
3
5
মনোনয়ন পেশের সময় তাঁর হাতে নগদ ছিল মাত্র ৫০০ টাকা। পেশায় এখনও ছাত্রী হওয়ার কারণে চলতি অর্থবর্ষে তাঁর আয়ের ঘরও মূলত শূন্য। তবে তিনটি ব্যাঙ্কে সব মিলিয়ে গচ্ছিত রয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৭৮৫ টাকা ২২ পয়সা। যার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসবিআই শাখাতেই রয়েছে সিংহভাগ অর্থ।
4
5
বালিগঞ্জের এই যুবনেত্রীর হলফনামায় সবথেকে চমকপ্রদ বিষয় হল শেয়ার বাজারে তাঁর বিনিয়োগ। খুব বড় অংক না হলেও আরইসিএল, ভারত ইলেকট্রনিক্স এবং আইআরএফসি-র মতো সংস্থার শেয়ারে বিনিয়োগ রয়েছে আফরিনের। এছাড়া ১ লক্ষ টাকার একটি জীবনবিমাও রয়েছে তাঁর নামে। স্বচ্ছ ভাবমূর্তির এই প্রার্থীর নামে কোনও ফৌজদারি মামলা নেই।
5
5
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনার পর থেকেই রাজপথে আন্দোলনের সামনের সারিতে দেখা গিয়েছিল আফরিনকে। এসএফআই-এর লড়াকু নেত্রী হিসেবে পরিচিত আফরিন সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকেও মহম্মদ সেলিমের পাশে দাঁড়িয়ে দলের সওয়াল করেছিলেন। এবার লড়াই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। কারণ, এই আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়ছেন হেভিওয়েট মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। একদিকে রাজনৈতিক অভিজ্ঞতা আর অন্যদিকে তারুণ্যের লড়াই— বালিগঞ্জের মানুষ কাকে বেছে নেবেন, এখন সেটাই দেখার।