ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে দলবদলের জল্পনা নতুন কিছু নয়, তবে সেই গুঞ্জন যখন একজন প্রাক্তন তারকা ফুটবলারকে ঘিরে হয়, তখন তা অন্য মাত্রা পায়। উত্তর দমদম স্টেডিয়ামের বেহাল দশা সংস্কার করে স্পোর্টস কমপ্লেক্স তৈরির দাবিতে সম্প্রতি একটি মিছিলের আয়োজন করেছিলেন দমদম উত্তর কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। সেই মিছিলে দীপ্সিতার পাশেই পা মেলাতে দেখা গেল ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনকে। আর এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা— তবে কি লাল শিবিরে নাম লেখালেন ময়দানের ‘মিডফিল্ড জেনারেল’?
2
6
দীপ্সিতা ধর তাঁর ফেসবুক প্রোফাইলে মিছিলের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘মাঠ বাঁচানোর মিছিল’। কিন্তু সেই বার্তার ঠিক নিচেই যুক্ত করা হয়েছে ‘#Vote4left’ হ্যাশট্যাগ। রাজনীতির কারবারিদের মতে, অরাজনৈতিক আন্দোলনের মোড়কে এই মিছিলের মাধ্যমে বামেদের ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে স্পষ্টভাবেই। আর সেই মিছিলেই মেহতাবকে দেখা যাওয়ায় প্রশ্ন উঠেছে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে।
3
6
তবে জল্পনা ডালপালা মেলার আগেই মুখ খুলেছেন মেহতাব নিজে। তাঁর কথায়, এই উপস্থিতি কোনও রাজনৈতিক দলের প্রতি আনুগত্য থেকে নয়, বরং স্রেফ ফুটবল মাঠ বাঁচানোর স্বার্থে। মেহতাব জানান, দীপ্সিতা তাঁকে আসতে বলেছিলেন এবং সেখানে কোনও দলের পতাকা ছিল না, ছিল শুধু ইস্টবেঙ্গল আর মোহনবাগানের পতাকা।
4
6
দীপ্সিতার ফেসবুক পোস্টে বামেদের ভোট দেওয়ার আবেদনের প্রসঙ্গে মেহতাবকে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমকে তিনি জানান, সেটি পুরোপুরি প্রার্থীর ব্যক্তিগত বিষয়। তিনি বলেন, “সেটা ওঁর ব্যাপার, উনি কী ক্যাপশন দেবেন। আমি ভালো আছি। আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাই না। ফুটবল খেলার সঙ্গেই থাকতে চাই, তার জন্য কোচিং লাইসেন্সও করেছি।” পরে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মেহতাব নিজের অবস্থান আরও পরিষ্কার করে দেন। তিনি লেখেন, দলমত-নির্বিশেষে তিনি বরাবরের মতো আজও বাংলার ফুটবলের পাশে আছেন এবং মাঠ বাঁচানোর লড়াইয়ে যে শামিল হবে, তিনি তাঁর সাথেই থাকবেন। মেহতাবের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ভাস্কর গাঙ্গুলি।
5
6
মেহতাব হোসেনের রাজনীতিতে যোগদানের জল্পনা নতুন নয়। ২০২০ সালের ২১ জুলাই তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে তিনি পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন। কিন্তু নাটকীয়ভাবে ২৪ ঘণ্টার মধ্যেই সেই দল ত্যাগ করেন মেহতাব। পরিবার ও বন্ধুদের আপত্তির কথা জানিয়ে তখন তিনি রাজনীতি থেকে দূরে সরে যান।
6
6
এবারের নির্বাচনে দীপ্সিতার সঙ্গে তাঁর এই উপস্থিতি বাম কর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি করলেও, মেহতাব হোসেন নিজে কোচিং এবং ফুটবলেই মনোনিবেশ করতে চান বলে সাফ জানিয়ে দিয়েছেন। তবে ভোটের আবহে ‘মাঠ বাঁচানোর’ এই মিছিল যে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।