হাইভোল্টেজ নন্দীগ্রাম কেন্দ্রে বিধানসভা নির্বাচনের পারদ চড়তে শুরু করেছে। ২১০-নন্দীগ্রাম কেন্দ্র থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন ৪৩ বছর বয়সী পবিত্র কর। মনোনয়ন পেশের সময় পেশায় মৎস্য ব্যবসায়ী তথা ভূমিপুত্র পবিত্র বাবু তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির যে খতিয়ান দিয়েছেন, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
2
6
হলফনামা অনুযায়ী, পবিত্র করের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৬ লক্ষ ৭৮ হাজার ৮৫০ টাকা ৫৬ পয়সা। তাঁর হাতে এই মুহূর্তে নগদ রয়েছে ৫৪,৫৩০ টাকা। এছাড়া বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমার পরিমাণ প্রায় ৪ লক্ষ ৯৫ হাজার টাকার বেশি। শৌখিন সামগ্রীর তালিকায় তাঁর একটি 'হোন্ডা শাইন' মোটরসাইকেল এবং ৫০ গ্রাম সোনা রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৭ লক্ষ ৩ হাজার ৩৫০ টাকা।
3
6
পবিত্র বাবুর বড় বিনিয়োগ তাঁর কৃষি জমিতে। হলফনামা অনুযায়ী, ৪.৭৯২৪৪ একর কৃষি জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৭২ লক্ষ ১৩ হাজার ০৬৫ টাকা। অন্যদিকে তাঁর স্ত্রী শিউলি করের নামে রয়েছে ১৩ লক্ষ ৭৫ হাজার টাকার স্থাবর সম্পত্তি।
4
6
পবিত্র করের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং আয়ের প্রধান উৎস ব্যবসা। প্যান কার্ডের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ছিল ৪,৯৯,৫৫০ টাকা। তবে হলফনামায় উল্লেখ করা হয়েছে যে তাঁর নামে ২২ লক্ষ ৪৯ হাজার ৭৫৭ টাকার আয়কর বকেয়া রয়েছে। যদিও অন্য কোনো সরকারি ঋণ তাঁর নামে নেই বলে তিনি জানিয়েছেন।
5
6
নির্বাচনী হলফনামায় স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার নির্দেশে পবিত্র বাবু জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে বর্তমানে মোট ৬টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। নন্দীগ্রাম এবং চণ্ডীপুর থানায় রুজু হওয়া এই মামলাগুলির অধিকাংশই পথ অবরোধ বা রাজনৈতিক কর্মসূচি সংক্রান্ত। তবে কোনো মামলাতেই তিনি এখনও দোষী সাব্যস্ত হননি।
6
6
মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে তৃণমূল প্রার্থী পবিত্র কর আত্মবিশ্বাসের সুরে জানান, আমি এই মাটির সন্তান। মানুষের পাশে থেকে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য। মৎস্য ব্যবসায়ী থেকে বিধানসভার লড়াই— নন্দীগ্রামের এই হাইভোল্টেজ লড়াইয়ে শেষ হাসি কে হাসেন, এখন সেটাই দেখার।