আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনগুলির যৌথ আহ্বানে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ‘ভারত বনধ’ পালিত হবে। প্রধান ব্যাঙ্কিং ইউনিয়নগুলি, অল ইন্ডিয়া ব্যাঙ্ক কর্মচারী সমিতি (এআইবিইএ), অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স সমিতি (এআইবিওএ) এবং ব্যাঙ্ক কর্মচারী ফেডারেশন অফ ইন্ডিয়া (বিইএফআই) দেশব্যাপী ‘ভারত বনধ’-এ অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে ব্যাঙ্ক ছুটি ঘোষণা করা হয়নি, তবুও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং ব্যাঙ্ক অফ বরোদা (বিওবি)-র মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি নিয়ন্ত্রক সংস্থাগুলিকে জানিয়েছেন যে, বনধের কারণে পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএসই-তে দেওয়া এক বিবৃতিতে এসবিআই বলেছে, “ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) আমাদের জানিয়েছে যে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ), ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (বিইএফআই) এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন (এআইবিওএ) ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে একটি নোটিশ জারি করেছে।”

এই প্রসঙ্গে, এসবিআই পরামর্শ দিয়েছে যে ধর্মঘটের দিন ব্যাঙ্ক তার শাখা এবং অফিসগুলিতে স্বাভাবিক কার্যকলাপ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তবে, ব্যাঙ্কিং পরিষেবা প্রভাবিত হতে পারে। বিওবি-ও প্রায় একই বক্তব্য জানিয়েছে।

বৃহস্পতিবার ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনেক যৌথ মঞ্চ এই ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনগুলির দাবি, গত বছর ২৯টি শ্রম আইন বাতিল করে যে চারটি শ্রম কোড চালু করা হয়েছে, তা শ্রমিকদের স্বার্থবিরোধী। তাদের অভিযোগ, নতুন কোডে শ্রমিকদের অধিকার খর্ব হয়েছে, চাকরির নিরাপত্তা কমেছে এবং নিয়োগকর্তাদের কর্মী নিয়োগ ও ছাঁটাই সহজ হয়েছে। পাশাপাশি বেসরকারিকরণ, মজুরি কাঠামো এবং সামাজিক সুরক্ষার অভাব নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছে। ইউনিয়নগুলির দাবি, অধিকাংশ ক্ষেত্র ও শিল্পে ধর্মঘটের নোটিস দেওয়া হয়েছে এবং প্রস্তুতি জোরকদমে চলছে। তাদের মূল দাবি চারটি শ্রম কোড ও সংশ্লিষ্ট বিধি বাতিল করা। কৃষক সংগঠনগুলির একাংশও এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে।

ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নস (WFTU) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে যে তারা ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটে ভারতের শ্রমিক শ্রেণীর পাশে আছে। WFTU জানিয়েছে যে, ১৩৩টি দেশে ছড়িয়ে থাকা তাদের ১০৫ মিলিয়ন সদস্য ভারতের শ্রমিক শ্রেণী ও কৃষক সমাজের দাবি ও পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং ধর্মঘটের মহান সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছে।