আজকাল ওয়েবডেস্ক: হুগলির চণ্ডীতলার আউসবালিতে এক মর্মান্তিক পথদুর্ঘটনার দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটে গত পরশু, ২৬ নম্বর রোডে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লালু নামে এক বাইকচালক।
ঠিক কী ঘটেছিল? সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সন্ধ্যা ৬টা ১৭ মিনিট নাগাদ রাস্তার ধারের একটি দোকান থেকে মিষ্টি কিনে বাইক নিয়ে রাস্তা পার হচ্ছিলেন লালু। ঠিক সেই মুহূর্তেই শিয়াখালার দিক থেকে ডানকুনির দিকে তীব্র গতিতে ধেয়ে আসে একটি সুইফ্ট ডেজায়ার গাড়ি। বেপরোয়া গাড়িটি সজোরে ধাক্কা মারে বাইকটিতে।
ধাক্কার তীব্রতায় বাইকচালক প্রায় ৩০০ ফুট দূরে ছিটকে পড়েন। তবে তাঁর বাইকটি গাড়ির নীচে আটকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চণ্ডীতলা থানার পুলিশ।
তারা আহত বাইকচালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।
















