দীক্ষা ভুঁইয়া: প্রায় আট বছর ধরে পুরভোট হয়নি হাওড়ায়। দুর্গাপুজোর পরেই তাই হাওড়া পুরসভার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। একই সঙ্গে কলকাতা পুরসভার ভোটও সম্পন্ন করার প্রস্তুতি শুরু হয়েছে!
মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই জানান, নির্বাচনের প্রস্তুতির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তাঁর দাবি, আগামী নভেম্বর মাসের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।
মন্ত্রী জানান, কলকাতা ও হাওড়া—দুই পুরসভাতেই আসন পুনর্বিন্যাস করা হবে। হাওড়া পুরসভায় বর্তমান ৫০টি ওয়ার্ড বাড়িয়ে ৬০টি করার প্রস্তাব রয়েছে। প্রশাসনের যুক্তি, গত কয়েক বছরে জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। আর অই জনবিন্যাকস বাড়ার জন্য ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, আগামী ৫ ডিসেম্বরের আগেই সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।
২০১৮ সাল থেকে হাওড়া পুরসভার নির্বাচন হয়নি। গত আট বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াই প্রশাসকের মাধ্যমে পুরসভা পরিচালিত হচ্ছে। ফলে নাগরিক পরিষেবা, রাস্তা-ঘাট ও পরিকাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে।
পরিষেবার মান উন্নত করতে নতুন সরকার জেলাশাসক পি. দীপাপ্রিয়াকে হাওড়া পুরসভার প্রশাসকের দায়িত্ব দিয়েছে। পাশাপাশি শহরবাসীকে আরও উন্নত পরিষেবা দিতে স্থানীয় বিধায়কদের নিয়ে একটি সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে। ওই কমিটিতে রয়েছেন উত্তর হাওড়ার বিধায়ক ও মন্ত্রী উমেশ রাই, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং বালির বিধায়ক সঞ্জয় সিং।















