আজকাল ওয়েবডেস্ক: আরও এক তৃণমূল কর্মীর কেচ্ছা ফাঁস। এবার বেআইনি অস্ত্র সহ গ্রেপ্তার তৃণমূলের এক সমাজসেবী। হুগলির মগড়া থানার পুলিশ রবিবার রাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালায় দেবরাজ পাল ওরফে দেবুর বাড়ি ও হোটেলে।

 

ত্রিবেনী কালিতলায় বাড়ি তৃণমূল কর্মী দেবুর। একযোগে তাঁর বাড়ি, হোটেল, গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।এলাকার তৃণমূলের বড় নেতাদের সঙ্গে ওঠাবসা ছিল দেবরাজের। 

 

মানুষকে ভয় দেখিয়ে জমি দখল, পুকুর ভরাট, তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। নিজেকে 'সমাজসেবী' বলতে ভালবাসেন এই তৃণমূল কর্মী। 

 

সমাজসেবী দেবরাজের গ্রেপ্তারের খবরে খুশি এলাকার বাসিন্দারা জানান, এতদিন এই ধরনের সমাজসেবীদের ভয়ে কেউ মুখ খুলতে পারতেন না। থানায় অভিযোগ করতে গেলে দেওয়া হত মেরে ফেলার হুমকি। এখন পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এটা ভাল।

 

দেবরাজ পালের বিরুদ্ধে এক যুবককে খুনের অভিযোগ রয়েছে। সেই অভিযোগে বছর কয়েক আগে জেল যান তিনি। জেল থেকে বেরিয়ে আবার তৃণমূলের হয়ে কাজ শুরু করেন। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর এলাকা ছাড়া ছিলেন দেবু। বাড়ি ফিরতেই গ্রেপ্তার হন।

 

কয়েকদিন আগে সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ কালিতলায় গিয়ে বেআইনি কাজের বিরুদ্ধে সরব হয়েছিলেন। জানিয়েছিলেন যাঁরা সমাজবিরোধী তাঁরা ছাড় পাবেন না। মগড়া থানার পুলিশ আজ ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করবে।