আজকাল ওয়েবডেস্ক: দিনহাটার গীতালদহ এলাকায় বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনায় দুই পক্ষের একাধিক কর্মী আহত হন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে দিনহাটা ১ নম্বর ব্লকের গীতালদহ এলাকায় বিজেপির একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়। নির্ধারিত সময়ে মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। অভিযোগ, মিছিল শেষ করে ফেরার সময় একদল তৃণমূল কর্মী বিজেপি কর্মীদের পথ আটকে দেয়। সেই সময় বিজেপির পতাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।


প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে বচসা হলেও পরে তা হাতাহাতি ও মারামারির রূপ নেয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। গুরুতর জখম অবস্থায় মিঠুন ঘোষ, রঞ্জিত দে, বাবু বর্মন এবং মৃদুল ঘোষকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত রয়েছে।


ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় টহলদারি শুরু করে। গীতালদহ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

 


যদিও এই ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের বিজয় মিছিলে বাধা দিয়ে তৃণমূল কর্মীরা হামলা চালায়। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপি কর্মীরাই প্রথমে উত্তেজনা ছড়ায় এবং অশান্তির পরিবেশ তৈরি করে। ঘটনাকে কেন্দ্র করে দিনহাটার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।