আজকাল ওয়েবডেস্ক: পুজোর শেষেই শীতের আগমনী বার্তা। রাজ্য জুড়ে উত্তুরে হাওয়ার প্রভাব। আপাতত আর ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে আরও কমবে তাপমাত্রার পারদ। রাতে ও ভোরে হালকা শীতের আমেজ থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড় সরে যেতেই উত্তুরে হাওয়া প্রভাব বিস্তার করবে বাংলায়। আগামী দু-তিন দিনে রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমবে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে এক ধাক্কায়।
ঘূর্ণিঝড় বাংলাদেশে সরে যাওয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আর নেই বাংলায়। উত্তর বঙ্গোপসাগর উপকূল আজও উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। সব মিলিয়ে শীতের আমেজ পশ্চিমের জেলায় খুব বেশি অনুভূত হবে। বাকি জেলাতেও হালকা শীতের আমেজ ক্রমশ বাড়বে।