আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে আসতে চলেছে কর্মসংস্থানের জোয়ার। কেন্দ্রের ভাব্য রাসায়ন প্রকল্পে বাংলায় কেমিক্যাল পার্কের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য।
পশ্চিমবঙ্গে কেন্দ্রের ভাব্য রাসায়ন প্রকল্পের আওতায় একটি আধুনিক কেমিক্যাল পার্ক দ্রুত যাতে করা হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয় এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
ওই চিঠিতে শমীক ভট্টাচার্য উল্লেখ করেছেন, ২৪ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভা ৩,০৩০ কোটি টাকার ‘ভব্য রয়াসন’ প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে তিনটি ডেডিকেটেড কেমিক্যাল পার্ক গড়ে তোলা হবে। প্রতিটি প্রকল্পে কেন্দ্রের পক্ষ থেকে সর্বোচ্চ ১,০০০ কোটি টাকা পর্যন্ত অনুদান মিলবে। তবে রাজ্যকে ন্যূনতম ৫০০ কোটি টাকা এবং প্রায় ২,০০০ একর জটিলতামুক্ত জমি দিতে হবে।
চিঠিতে তিনি আরও লেখেন, এই প্রকল্প পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের জন্য একটি বড় সুযোগ। কেমিক্যাল পার্ক হলে কেন্দ্র ও রাজ্যের যৌথ পরিকাঠামো বিনিয়োগের পাশাপাশি বিপুল বেসরকারি বিনিয়োগ আসবে। এছাড়া নির্মাণ, উৎপাদন, লজিস্টিক্স এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। রাসায়নিক, ফার্মাসিউটিক্যাল, অটোমোবাইল, টেক্সটাইল ও ইলেকট্রনিক্স শিল্পও এর ফলে উপকৃত হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। রাজ্যে সিঙ্গুর, হলদিয়া, রঘুনাথপুর এবং দুর্গাপুরকে সম্ভাব্য জায়গা হিসেবেও চিঠিতে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিল্পে জোর দিয়েছে। সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এবার রাজ্যে নতুন এই কেমিক্যাল পার্ক তৈরি হলে তা রাজ্যের মানুষের পক্ষে অনেকটা সুবিধা হবে। খুলবে কর্মসংস্থানের নতুন দিক।
&t=2s















