আজকাল ওয়েবডেস্ক: ক্যালেন্ডার অনুযায়ী হেমন্ত পেরিয়ে শীতের মুখে পা বাড়াচ্ছে দিন। এবার দিনে দিনে জাঁকিয়ে পড়বে ঠান্ডা। বঙ্গে সাধারণত কালীপুজোর পর থেকেই তীব্র হয় বাতাসের শিরশিরানি ভাব। তবে এর মাঝেই ফের আশঙ্কা বৃষ্টির। হাওয়া অফিস বলছে, কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটার সময় কলকাতা সহ সমগ্র রাজ্যে আবহাওয়া স্বাভাবিক থাকলেও কিছুদিনের মধ্যেই তা বদলের সম্ভাবনা রয়েছে। কারণ কী? জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী বুধ–বৃহস্পতিবারের মধ্যেই ঘনীভূত হতে চলেছে নিম্নচাপ। ১৬ নভেম্বর সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর জেরে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। শীতের আমেজ কেটে মঙ্গলবার রাত থেকেই তাপমাত্রা বাড়তে পারে। আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়া একইরকম থাকবে। উত্তরবঙ্গে অবশ্য আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।