আজকাল ওয়েবডেস্ক: কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের বাড়িকে ঘিরে সোমবার রাতে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনা দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায়ের গ্রেপ্তারের পর পুলিশ তাঁর বাড়িতে পৌঁছায়।

অভিযোগ, দীর্ঘ সময় ধরে পুলিশ বাড়ির বাইরে অবস্থান করলেও ভিতর থেকে দরজা খোলা হয়নি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে যখন গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা প্রণব রায়কে পুলিশ দেবপ্রসাদ বাগের বাড়ির সামনে নিয়ে আসে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় প্রচুর মানুষ জড়ো হন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাড়ির সামনে উপস্থিত জনতার একাংশ ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

ঘটনার সময় প্রাক্তন বিধায়ক বাড়ির ভিতরেই ছিলেন বলে দাবি করা হলেও তিনি বাইরে বেরিয়ে আসেননি। কেন পুলিশ তাঁর বাড়িতে গিয়েছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।

এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনার জেরে কালনার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে।

">

জানা গিয়েছে, এর আগে দেবপ্রসাদ বাগ সামান্য একটা ইলেকট্রনিক্সের দোকান চালাতেন। সেখানে টিভি, রেডিও থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীর সরঞ্জাম  পাওয়া যেত।

বিভিন্ন ইলেকট্রিকের জিনিস নিজেও সাড়াতেন তিনি। তবে বিধায়ক হওয়ার পরে বিরাট রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করেন। বর্তমানে তিনি প্রচুর সম্পত্তির মালিক। 

অভিযোগ, সোমবার রাতে পালিয়ে যাচ্ছিলেন দেবপ্রসাদ। সেই সময়েই তাঁকে হুগলি থেকে আটক করে পুলিশ। মঙ্গলবার কালনা মহকুমা আদালতে পাঠানো হয়েছে কালনার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ককে।