আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকালে শিলিগুড়ির সবুজ সংঘের মাঠে আয়োজিত ‘সরাসরি শঙ্কর’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আর্থিক প্রতারণার অভিযোগ তুললেন শিলিগুড়ির পুলিশকর্মী পার্থ কুমার দাস। তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জি এবং আইনজীবী কৌশিক কুমার দত্তের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ করেন।
পার্থ কুমার দাসের দাবি, প্রথমে তাঁর ছেলেকে মেডিক্যালে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়া হয়। পরে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও আরও টাকা নেওয়া হয়। এমনকি নবান্নে নিয়ে গিয়ে বিভিন্ন নথিতে নাম দেখানোর মাধ্যমে একাধিকবার টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তাঁর অভিযোগ, শুধু তাঁর কাছ থেকেই নয়, আরও বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর কাছ থেকেও একইভাবে টাকা নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় এক কোটিরও বেশি টাকা সংগ্রহ করা হয়েছে বলে দাবি তাঁর।
রবিবার সবুজ সংঘের মাঠে আয়োজিত ‘সরাসরি শঙ্কর’ অনুষ্ঠানে বিভিন্ন নথিপত্র প্রদর্শন করে প্রকাশ্যে এই অভিযোগ তোলেন পার্থ কুমার দাস। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।















