আজকাল ওয়েবডেস্ক: বেহাল রাস্তার কারণে গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার একমাত্র মাধ্যম খাটিয়া। সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর গ্রাম পঞ্চায়েতের মিস্তরপাড়া গ্রামে। শনিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা কানু হেমব্রম নামে এক ব্যক্তি।

 

 

অসহ্য পেটে যন্ত্রণা শুরু হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন টোটোওয়ালাকে ফোনও করে পরিবারের সদস্যরা। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে ওই গ্রামে যেতে কেউ রাজি হয়নি। তাই বেগতিক দেখে খাটিয়ায় করে ওই প্রৌঢ়কে চিকিৎসকের কাছে নিয়ে যান পরিবারের সদস্যরা।আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনদিনই এই এলাকায় রাস্তা হয়নি।

 

 

বর্ষাকালে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। ফলে, গ্রামে অ্যাম্বুলেন্স তো দূর অস্ত টোটো পর্যন্ত ঢুকতে চায় না। তাই রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হয় খাটিয়ায় করে। বারবার বিভিন্ন জনপ্রতিনিধিদের জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ।

 

 

গত বছর রোগীকে খাটিয়ায় করে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়েছিল বামনগোলায়। মৃত্যু হয়েছিল রোগীর। বেহাল রাস্তার কারণে সেখানেও ঢোকেনি কোন যানবাহন। তারপর আবার সামনে এল হবিবপুরের এই ঘটনা।