আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। জানা গিয়েছে, সেখানকার তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

মৃতের নাম জাহিদুল হক বৈদ্য। তিনি যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে বাদুড়িয়ার পিঙ্গলেশ্বর গ্রামে তাঁর নিজের বাড়ির থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের সদস্যরা সকালে তাঁকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাদুড়িয়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে রুদ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে চাপে ছিলেন ওই পঞ্চায়েত প্রধান। গত ৩১ মে এলাকার বাসিন্দারা তাঁর বিরুদ্ধে স্বচ্ছ ভারত মিশনের আওতায় পাওয়া ব্যাটারিচালিত ময়লাবাহী গাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগ তোলেন।

অভিযোগ, যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতে সরকারের পক্ষ থেকে ১২টি ব্যাটারিচালিত ময়লাবাহী গাড়ি দেওয়া হলেও তার মধ্যে বেশ কয়েকটি গাড়ির হদিশ পাওয়া যাচ্ছিল না।

স্থানীয়দের অভিযোগ, গাড়িগুলি বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান। এই অভিযোগকে কেন্দ্র করে প্রধানের বাড়ির সামনে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। তাঁকে গ্রেপ্তার করে পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তোলা হয়।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বাদুড়িয়া থানার পুলিশ। তবে সেই সময় জাহিদুল হক বৈদ্যকে বাড়িতে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, দুর্নীতির অভিযোগের পাশাপাশি বিপুল ঋণের বোঝাও ছিল তাঁর ওপর।

ঠিকাদারদের কাছ থেকে নেওয়া টাকা পরিশোধ করতে না পারায় তিনি মানসিক চাপে ছিলেন বলে দাবি স্থানীয়দের। পরিবারের সদস্যদেরও বক্তব্য, সাম্প্রতিক ঘটনার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

তবে মৃত্যুর নেপথ্যে শুধুই আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় রাজনৈতিক মহলেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।