আজকাল ওয়েবডেস্ক:‌ নতুন সরকার এসেছে বাংলাদেশে। আর তারপরেই বাংলাদেশি পর্যটকদের জন্য শর্তসাপেক্ষে হোটেলের দরজা খুলে দিল শিলিগুড়ির হোটেল মালিকরা।


২০২৪ সালের আগস্ট মাসে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে একাংশের মধ্যে ভারত বিরোধী মনোভাব প্রকাশ্যে আসে। কখনও ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ, কখনও আবার ভারতের ভৌগোলিক মানচিত্র পরিবর্তনের হুঁশিয়ারি–এসব ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতেও একাধিক কুরুচিকর পোস্ট সামনে আসে।


 এই পরিস্থিতিতে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেল বুকিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা। 


তবে ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের তরফে ভারতের সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক জোরদারের বার্তা সামনে আসে। ইতিমধ্যেই ভারত সরকার বাংলাদেশিদের জন্য পুনরায় হেলথ ও স্টুডেন্ট ভিসা প্রদান শুরু করেছে।


 এরপরই নতুন সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, ‘‌বাংলাদেশিরা যদি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন, তাহলে আমরা তাঁদের অতিথি হিসেবেই স্বাগত জানাতে প্রস্তুত। তবে আগের মতো ভারত বিরোধী মনোভাব দেখা গেলে আবারও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব।’‌ 


হোটেল মালিকদের এই সিদ্ধান্তে পর্যটন মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। সীমান্তবর্তী শহর শিলিগুড়ির অর্থনীতিতে বাংলাদেশি পর্যটকদের বড় ভূমিকা থাকায়, এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।


এর ফলে শিলিগুড়ি কিংবা উত্তরবঙ্গে এসে যে কোনও হোটেলেই বাংলাদেশের পর্যটকরা থাকতে পারবেন। এমনটাই জানিয়েছেন গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।