আজকাল ওয়েবডেস্ক: আনন্দের মাঝেই বিষাদ। গিয়েছিলেন ছুটি কাটাতে, কিন্তু বদলে গেল পরিস্থিতি। স্থানীয় সূত্রের খবর, দুপুর নাগাদ সমুদ্রে স্নানে নেমে স্পিডবোটের ধাক্কায় আহত হয়েছেন এক পর্যটক। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গিয়েছে ওই পর্যটকের নাম স্বরূপ আলি মোল্লা। বয়স ৩৩। বেশ কয়েকজন বন্ধুর সঙ্গেই কলকাতা থেকে ছুটি কাটাতে গিয়েছিলেন দিঘায়। নিউ দিঘার হলিডে হোম ঘাটে বন্ধুদের সঙ্গে স্নানে নেমেছিলেন তিনি। তখনই আচমকা একটি স্পিডবোট তাঁকে ধাক্কা মারে বলে খবর সূত্রের। পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে দিঘা রাজ্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। স্বাভাবিক ভাবেই, এই দুর্ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।