আজকাল ওয়েবডেস্ক: নতুন কাউকে আনা হল না বনমন্ত্রীর পদে। ফলে জ্যোতিপ্রিয় মল্লিকই এই পদে থেকে গেলেন। যদিও রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি রয়েছেন ইডি হেফাজতে। বুধবার রাজ্য মন্ত্রীসভার বৈঠক ছিল। সেখানে মন্ত্রী বদল নিয়ে কোনও কিছু আলোচনা হয়নি বলেই জানা গিয়েছে। এর আগে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যাঁর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে তৃণমূল। একদিকে যেমন তাঁকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তেমনি দলীয় পদ থেকেও অপসারণ করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সকলের কৌতুহল ছিল জ্যোতিপ্রিয় নিয়ে তৃণমূল নেত্রী কী সিদ্ধান্ত নেন সে বিষয়টি নিয়ে। বুধবারের পর এটা স্পষ্ট, দল প্রাক্তন খাদ্যমন্ত্রীর পাশেই আছে। যদিও বনমন্ত্রীর গ্রেপ্তারির পর আপাতত দপ্তরের কাজ সামাল দিচ্ছেন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।
Jyotipriya Mallick: মন্ত্রী পদ থেকে না সরিয়ে জ্যোতিপ্রিয়র পাশে থাকার বার্তাই দিল তৃণমূল
















