আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহেই বিভিন্ন পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের গণ-পদত্যাগের হিড়িক নিয়ে তীব্র আক্রমণ শানালেন রাজ্য সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূল কংগ্রেসকে অত্যন্ত ‘স্বার্থপর’ এবং ‘দায়িত্বহীন’ দল বলে কটাক্ষ করে তিনি বলেন, "নির্বাচনে দল হেরেছে, সরকার নেই, সেটা আলাদা বড় জার্নি। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েও নাগরিকদের পরিষেবা দেওয়াটা তো কাউন্সিলরদের কর্তব্যের মধ্যে পড়ে। তাদের এই আচরণ বুঝিয়ে দিচ্ছে সাধারণ মানুষের প্রতি এদের কোনও  দায়বদ্ধতা নেই।"

অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানান যে প্রশাসন স্তরে কাজ থমকে থাকতে দেওয়া হবে না। যেখানে চেয়ারম্যানরা পদত্যাগ করছেন অথচ প্রশাসক বসানো হয়নি, সেখানে দ্রুত প্রশাসক বসিয়ে কাজ সচল করা হবে। প্রতিটি পুরসভাতেই দুর্নীতি হয়েছে দাবি করে তিনি বলেন, তৃণমূল কাউন্সিলরদের এইরকম আচরণ করা উচিত হয়নি। তবে তারা না থাকলেও অন্য লোক দিয়ে পুরসভার কাজ সচল রাখা হবে।

পুরসভা সংকটের পাশাপাশি বহুল চর্চিত ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়েও এদিন চাঁছাছোলা ভাষায় তোপ দাগেন মন্ত্রী। তিনি অভিযোগ করেন, এই মডেল আসলে ভীতি প্রদর্শনের মডেল। প্রতিদিন সাধারণ মানুষ ও মা-বোনেদের বন্দুকের ভয় দেখিয়ে ঘরে আটকে রাখা হয়, আর নির্বাচনের সময় এই সন্ত্রাসের মাত্রা আরও বহুগুণ বেড়ে যায়।