আজকাল ওয়েবডেস্ক: কালীপুজোর আগে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা। কালীপুজো ও দীপাবলির সময় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভাইফোঁটাতে আকাশ পরিষ্কার থাকবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

 

 

আগামী এক সপ্তাহে রাজ্যে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। নভেম্বরের প্রথম সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হবে, যার ফলে রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।

 

 

শহর কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে, যদিও কখনও কখনও আংশিক মেঘলা আকাশ। আবহাওয়ার পরিবর্তনের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। ফলে,  আর্দ্রতাজনিত অস্বস্তি হ্রাস পাবে। আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

 

 

মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।