আজকাল ওয়েবডেস্ক: রাত থেকেই দুর্যোগের শুরু। মধ্যরাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাক্ষী দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সোমবার সকালে রোদের দেখা নেই। মেঘলা আকাশে সামান্য স্বস্তি ফিরেছে। তবে আজ থেকে তুমুল দুর্যোগের আশঙ্কা। আগামী কিছুদিন প্রবল বৃষ্টিতে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের কারণে সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল, মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। উপকূলীয় জেলাগুলিতে ভারি বৃষ্টি হতে পারে। আগামী তিনদিন মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। জল জমতে পারে নীচু এলাকায়। 

 

মৌসম ভবন সূত্রে খবর, বঙ্গোপসাগরে ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপ ঘণীভূত হয়েছে। সোমবারের মধ্যে সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরে আবারও উত্তাল থাকবে সমুদ্র। রবিবারের মধ্যে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সমস্ত মৎস্যজীবীদের সাগর থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। গভীর নিম্নচাপের কারণে উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার, সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শনিবার ও রবিবার উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধাজ্ঞা রয়েছে মৎস্যজীবীদের।