আজকাল ওয়েবডেস্ক: বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনের ফর্ম দেওয়া শুরু হয়েছে। তিন দিনব্যাপী 'জনকল্যাণ শিবির'-এ এই ফর্ম দেওয়া না হলেও আগামী ‘জনকল্যাণ শিবির’ থেকে করা যাবে।। এখন পুরসভা, পঞ্চায়েত থেকে এই ফর্ম মিলছে। 

বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেটে বলা হয়েছে, বয়স্ক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকরা সমাজে সবচেয়ে বেশি অসুরক্ষিত। সেই কথা বিবেচনা করে সামাজিক সুরক্ষা বৃদ্ধির জন্য এই শ্রেণির মানুষের পেনশন মাসিক ৫০০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ বর্ধিত ভাতা এখন ১৫০০ টাকা করে।

বাজেট পেশের পর গত জুন মাসে রাজ্যের অর্থমন্ত্রী স্বপণ দাশগুপ্ত জানিয়েছিলেন, আগামী দু'মাসের মধ্যে বিভিন্ন ধরনের যেসব আর্থিক অনুদান সংক্রান্ত ভাতা রয়েছে সেগুলি দেওয়ার চেষ্টা করা হবে। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী আগস্টে।

এখন প্রশ্ন হল, আবেদনের পর নিজের অ্যাকাউন্টে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ঢুকল কিনা তা বুঝবেন কীভাবে?

একনজরে পদ্ধতি:

১- গুগলে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের samarth ওয়েবসাইট সার্চ করতে হবে।
২- ট্র্যাক অ্যাপ্লিকেন্ট ও ভিউ পেমেন্ট স্ট্যাটাস খুলবে, এর নীচের দিকে গিয়ে স্ক্রিন সিলেক্ট করতে হবে।
৩- এখানে মিলবে পশ্চিমবঙ্গ সরকারের সব প্রকল্পের নাম। সেখানে থেকে আপনার প্রয়োজন মতো বেছে নিতে হবে।
৪- বার্ধক্য ভাতার স্ট্যাটাস দেখতে চাইলে, ওল্ডেজ পেনশন-এ (WCD Old Age Pension)-এ ক্লিক করতে হবে।
৫-  বিধবা ভাতার স্ট্যাটাস দেখতে চাইলে, উইডো পেনশন (WCD Widow Pension)-এ ক্লিক করতে হবে।
৬- প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস দেখতে চাইলে, মানবিক (WCD Manabik)-এ ক্লিক করতে হবে।
৭- যেটাতেই ক্লিক করবেন সার্চ অপশন আসবে। মোবাইল নম্বর বা আধার কার্ড নম্বর- এই দুই দিয়েই সার্চ করা যায়।
৮- ফোন থেকে করলে মোবাইল নম্বর বসিয়ে দিলেই হবে। 
৯- একটি ক্যাপচা আসবে। যা পূরণ করতে হবে।
১০- তারপরই আবেদনকারীর নাম, ঠিকানা, বেনিফিশিয়ারি আইডি দেখা যাবে।
১১- এবার দেখা হবে পেমেন্ট স্ট্যাটাস। সবুজ রঙের ভিউ অপশনে ক্লিক করতে হবে।
১২- তাহলেই দেখা যাবে, কোন কোন মাসে টাকা অ্যাকাউন্টে এসেছে। হোল্ড থাকলেও তা স্পষ্ট দেখা যাবে।