আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। ফলে, টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। উপকূলবর্তী এলাকা ছাড়াও শহর কলকাতাতেও আকাশের মুখ ভার। সোমবার থেকেই জারি রয়েছে বৃষ্টি। তবে এখানেই শেষ নয়।
৪৮ ঘণ্টা টানা বৃষ্টির পর ফের বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। যার জেরে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
মঙ্গলবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টি চলবে কলকাতায়। উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।
জানানো হয়েছে, বুধবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। তবে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শনিবার থেকে ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা।
















