আজকাল ওয়েবডেস্ক: মাসের প্রথম দিন। সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল মানুষ। বেশিক্ষণ বাইরে থাকলেই দরদর করে ঘামতে হচ্ছে। আকাশে মেঘ থাকলেও বৃষ্টির দেখা নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপাতত এমন পরিস্থিতিই বজায় থাকবে আরও বেশ কিছুদিন। এমনকি আগামী কিছুদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা। এই পূর্বাভাস শুধু কলকাতার জন্য নয়। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই অস্বস্তি বজায় থাকবে। এমনকি আর্দ্রতার জেরে জেলায় দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে উত্তরবঙ্গের আবহাওয়া অপেক্ষাকৃত ভাল থাকবে। ঘর্মাক্ত গরম বা তাপমাত্রা বৃদ্ধি আশঙ্কা নেই আপাতত, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

 

দক্ষিণবঙ্গের আবহাওয়া


আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গত কয়েকদিন তাপমাত্রা কিছুটা কমলেও আজ থেকে থেকে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবে বৃষ্টি। তবে মাঝেমধ্যে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে এর ফলে গরম কমার বদলে উল্টে বাড়তে পারে তাপমাত্রা। গরমের পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতাতেও একই পূর্বাভাস। সোমবার তেমন বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও হতে পারে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের কোথাও কোনও ঝড়ের সম্ভাবনাও নেই সে ভাবে। মোটের উপর শান্তই থাকবে আবহাওয়া।

 

হাওয়া অফিস জানিয়েছে, আগামীকালও একই রকম আবহাওয়া থাকবে। ২ তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। তবে দু'এক জায়গায় সমান্য বৃষ্টি হতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতি মোটামুটি বুধবার সকাল পর্যন্ত চলবে বলে আশা করছে আবহাওয়া দফতর। তাই গরম বাড়বে বই, কমবে না।

 

উত্তরবঙ্গ

দক্ষিবঙ্গের মতোই উত্তরেও আজ থেকে কমবে বৃষ্টিপাত। কেবল পাহাড়ের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২ জুন থেকে ফের ঝড়ের আশঙ্কাও রয়েছে। এ দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা রয়েছে। এই দিন এই সমস্ত জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

 

তাপমাত্রা

 

দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী তিন দিন ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও এরপর ৪ দিন একই তাপমাত্রাই বজায় থাকবে। তাপমাত্রা বাড়ার কোনও সম্ভাবনা নেই।