আজকাল ওয়েবডেস্ক: ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধু একজন প্রখ্যাত শিক্ষাবিদ বা রাজনীতিবিদ নন, তিনি ছিলেন জাতীয় চেতনা, আত্মত্যাগ ও দেশসেবার এক অনন্য প্রতীক। তাঁর আদর্শ, নীতি ও দূরদর্শী চিন্তাধারা আজও দেশের কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে।
বিধায়ক বলেন, মহান ব্যক্তিত্বদের প্রতি প্রকৃত শ্রদ্ধা কেবল মাল্যদান বা স্মরণসভায় সীমাবদ্ধ থাকতে পারে না; তাঁদের আদর্শকে সমাজজীবনে বাস্তবায়িত করাই প্রকৃত সম্মান। সেই লক্ষ্যেই আগামী দিনে জনগণের আশীর্বাদ ও সহযোগিতায় সপ্তগ্রাম বিধানসভার প্রতিটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে এবং বাঁশবেড়িয়া পৌরসভার প্রাঙ্গণে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে আগামী প্রজন্ম তাঁর জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগ সম্পর্কে অনুপ্রাণিত হতে পারে।
তিনি আরও বলেন, তাঁর দীর্ঘদিনের স্বপ্ন সপ্তগ্রাম বিধানসভায় "ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতাল" প্রতিষ্ঠা করা। এই হাসপাতাল গড়ে উঠলে সপ্তগ্রাম-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা লাভ করবেন। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই হবে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি প্রকৃত শ্রদ্ধার্ঘ্য।
বক্তব্যের শেষে বিধায়ক স্বরাজ ঘোষ সকলকে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে সর্বাগ্রে রাখা, সমাজসেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করা এবং একটি শক্তিশালী, আত্মনির্ভর, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ ভারত গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।















