আজকাল ওয়েবডেস্ক: ভুটান পাহাড়-সহ সমগ্র ডুয়ার্স জুড়ে অবিরাম বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টির এই প্রকোপে জলপাইগুড়ি জেলার মালবাজার ও ধূপগুড়ি, দুই পৌরসভার বেহাল নিকাশি ব্যবস্থার কঙ্কালসার রূপটি ফের সামনে এসেছে। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে এই দুই পৌরসভায় হওয়া চরম দুর্নীতির কারণেই আজ সামান্য বৃষ্টিতে নাগরিকদের এই দুর্দশা ভোগ করতে হচ্ছে।

মালবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ড সামান্য বৃষ্টিতেই সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। গত রাতভর বৃষ্টির জেরে উপযুক্ত নিকাশী নালা না থাকায় রাস্তার জমা জল সরাসরি মানুষের বাড়ি ও স্থানীয় ব্যবসায়ীদের দোকানে ঢুকে যায়। এর প্রতিবাদে এবং ক্ষোভে স্থানীয় ব্যবসায়ীরা বাঁশ দিয়ে গরুবাথান ও লাভা যাওয়ার মূল রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেন।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়া মেয়াদ উত্তীর্ণ ধূপগুড়ি পৌরসভার পরিস্থিতি আরও আশঙ্কাজনক। রাতের টানা বৃষ্টিতে পৌরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডই এখন জলের তলায়। বিশেষ করে পৌরসভার প্রাণকেন্দ্র তথা কোচবিহার-জলপাইগুড়িগামী জাতীয় সড়কের ‘মায়ের থান’ সংলগ্ন এলাকা সামান্য বৃষ্টিতেই হ্রদের চেহারা নিয়েছে। এর ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য যেমন লাটে উঠেছে, তেমনই কোচবিহার, আলিপুরদুয়ার, অসম এবং শিলিগুড়িগামী ছোট-বড় সমস্ত যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। সকাল থেকেই জাতীয় সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুলপড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীরা। দুই পৌরসভার পৌর কর্তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ চরমে উঠেছে। বাসিন্দাদের অভিযোগ, নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের জন্য বারবার আবেদন জানানো সত্ত্বেও প্রশাসনের তরফ থেকে কোনও হেলদোল মেলেনি।