শ্রেয়সী পাল: ভোটের ডিউটি করতে এসে হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যু হল এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মুর্শিদাবাদের ডোমকল মহকুমা শাসকের অফিসে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে মৃত ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট এর নাম প্রদীপ মণ্ডল (৪৪)।
প্রদীপবাবু ডোমকল মহকুমা শাসকের অফিসে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন। তাঁর উপর আসন্ন বিধানসভা নির্বাচনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত ছিল। ২০২৫ সালে তিনি ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ ক্যাডারে উন্নীত হয়েছিলেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে ,গোসাবা এলাকার বাসিন্দা প্রদীপ বাবুর মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তিনি সম্প্রতি বাড়িতে মাকে দেখতে গিয়েছিলেন। ওই আধিকারিক সম্প্রতি সোনারপুরে নিজের আর একটি বাড়ি তৈরির কাজে হাত লাগিয়েছেন। শুক্রবার নিজের বাড়ি থেকে ফিরে কাজে যোগ দিয়েছিলেন। ওই আধিকারিক মহাকুমা শাসকের গেস্ট হাউসের একটি ঘরেই থাকতেন।
সূত্রের খবর, শুক্রবার রাতেও তিনি অল্প অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু সে কথা কাউকে জানাননি। শনিবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মহকুমা শাসকের গেস্ট হাউসে কর্মরত কেয়ারটেকারকে বিষয়টি জানান। এরপরই প্রদীপবাবু সহকর্মীরা তাঁকে দ্রুত ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তাররা ইসিজি করে জানান তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
ডোমকল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নততর চিকিৎসার জন্য তাঁকে বহরমপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার জন্য আনা হচ্ছিল। মাঝপথে দৌলতাবাদের কাছে প্রদীপ মণ্ডলের শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে, তিনি অচেতন হয়ে পড়েন।
প্রদীপবাবুর সহকর্মীরা এরপর তাঁকে বেসরকারি হাসপাতালে না নিয়ে গিয়ে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর ওই সরকারি আধিকারিকের প্রেসার, সুগার ছাড়াও আরও নানা ধরনের অসুস্থতা ছিল ।
নির্বাচনের কাজে নিযুক্ত এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের হঠাৎ মৃত্যুর খবরের শোকের ছায়া নেমে এসেছে প্রশাসনিক মহলে ।ইতিমধ্যেই মৃত ওই সরকারি কর্মীর পরিবারকে তাঁর মৃত্যু সংবাদ জানানো হয়েছে।















