আজকাল ওয়েবডেস্ক: চলতি মাসের শুরুতেই শুরু হয়েছিল রাজ্যের ডিএলএড কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া। শুক্রবার, ১৭ জুলাই মধ্যরাত পর্যন্ত আবেদনের সময়সীমা স্থির করেছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ বার নয়া বিজ্ঞপ্তি জারি করে সেই মেয়াদই কিছুটা বাড়ানো হল।
২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য ডিএলএড কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ৩ জুলাই। ওই দিন দুপুর ১২টা থেকে শুরু হয় আবেদন গ্রহণ। প্রাথমিক শিক্ষকতার প্রশিক্ষণের জন্য জরুরি ডিএলএড কোর্সে ভর্তির আবেদনের শেষ দিন ছিল ১৭ জুলাই। সেই সময়সীমাই বাড়িয়ে এ বার ২৫ জুলাই করা হয়েছে। দু'বছরের এই কোর্সে ওইদিন মধ্যরাত পর্যন্ত আবেদন করা যাবে।
সমগ্র আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট https://wbbpe.wb.gov.in-এর মাধ্যমে। আবেদপনপত্রে ফর্মপূরণের সময় একটি হোয়াটসঅ্যাপ নিজেদের মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডিও দিতে হবে, যাতে যোগাযোগ করা যায়। আবেদন প্রক্রিয়া সংক্রান্ত কোনও সমস্যার সম্মুখীন হলে পর্ষদের ই-মেল আইডি secretarywbbpe.ptti@gmail.com অথবা হেল্পলাইন নম্বর-এ ৯৮৮৩৪৮০৬৬০ বা ৮৯০২০৮১২০১-এ যোগাযোগ করতে হবে।
জানা গিয়েছে, চলতি বছরে রাজ্যের ৬০০–র বেশি কলেজে প্রায় ৩৫,০০০ আসন শূন্য রয়েছে। কোর্সে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় সেরা পাঁচটি বিষয়ের মোট নম্বরকে গুরুত্ব দেওয়া হবে। ওই পাঁচটি বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে প্রথম বা দ্বিতীয় ভাষা। আবেদনকারীকে দ্বাদশ স্তরে দ্বিতীয় বা অন্য ভাষা হিসেবে ইংরেজি অবশ্যই পড়তে হবে। মোট বরাদ্দ নম্বর থাকতে হবে ১০০। তবে ঐচ্ছিক বিষয়গুলির মধ্যে পরিবেশবিজ্ঞান থাকলে তার নম্বর বাদ যাবে। পাশাপাশি, উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ৫০ শতাংশ বা তার বেশি নম্বর থাকলেই আবেদন করা যাবে। সংরক্ষিত শ্রেণিভুক্ত বা বিশেষ ভাবে শারীরিক সক্ষমদের ক্ষেত্রে থাকবে ৫ শতাংশ ছাড়।
















